রানের পাহাড় গড়ছে ওয়েস্ট ইন্ডিজ
মারলন স্যামুয়েলসের প্রথম দ্বিশতক এবং ড্যারেন ব্রাভো ও শিবনারায়ণ চন্দরপলের শতকের সৌজন্যে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে ৫৬৪ রানে তৃতীয় দিন শেষ করেছে অতিথিরা।
মারলন স্যামুয়েলসের প্রথম দ্বিশতক এবং ড্যারেন ব্রাভো ও শিবনারায়ণ চন্দরপলের শতকের সৌজন্যে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে ৫৬৪ রানে তৃতীয় দিন শেষ করেছে অতিথিরা।
৬ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ১৭৭ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২ উইকেটে ২৪১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। সে সময় স্যামুয়েলস ১০৯ ও ব্রাভো ৮৫ রানে ব্যাট করছিলেন। তৃতীয় দিন ২ উইকেট হারিয়ে আরো ৩২৩ রান যোগ করেছে তারা।
আগের দিনের চেয়ে ভালো বল করলেও ভাগ্য সঙ্গে না থাকায় উইকেটের জন্য মধ্যাহ্ন-বিরতির আগের ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। ততক্ষণে ১৯৮ রানের অবিচ্ছিন্ন জুটিকে ৩২৬ পর্যন্ত নিয়ে গেছেন স্যামুয়েলস-ব্রাভো।
বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে অতিথিদের সর্বোচ্চ রানের এই জুটি ভাঙ্গেন সোহাগ গাজী। চতুর্থ শতকে পৌঁছানো ব্রাভোকে (১২৭) মধ্যাহ্ন-বিরতির ৩ বল আগে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন এই অফস্পিনার। ব্রাভোর ২৮৮ বলের ইনিংসে ১০টি চার।
তৃতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে অতিথিদের সর্বোচ্চ রানের রেকর্ড এতো দিন ছিল রামনরেশ সারওয়ান ও ব্রায়ান লারার দখলে। ২০০৪ সালে কিংস্টনে ১৭৯ রান করেছিলেন তারা। আর আগের ম্যাচে পঞ্চম উইকেটে চন্দরপল ও দীনেশ রামদিনের অবিচ্ছিন্ন ২৯৬ ছিল যে কোনো উইকেটে র্বোচ্চ।
৩৬৯ রানে ব্রাভোর বিদায়ের পর আগের ম্যাচে দ্বি-শতক করা চন্দরপলের সঙ্গে চতুর্থ ১৭৭ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে স্বাগতিকদের বোলারদের হতাশ করেন স্যামুয়েলস। শেষ পর্যন্ত তৃতীয় নতুন বলে তাকে সাজঘরে ফেরত পাঠান রুবেল হোসেন। তার লাফিয়ে উঠা বল ঠিক মতো খেলতে না পেরে গালিতে বদলী ফিল্ডার ইলিয়াস সানির হাতে ক্যাচ দেন স্যামুয়েলস (২৬০)। তার ৪৫৫ বলের ইনিংসটি ৩১টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।
মধ্যাহ্ন-বিরতির পরপরই নিজের পঞ্চম টেস্ট শতককে প্রথম দ্বি-শতকে পরিণত করেন স্যামুয়েলস। ৩২৬ বলে ২৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে দ্বি-শতক পৌঁছান তিনি। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটি ষোলতম দ্বি-শতক। ওয়েস্ট ইন্ডিজের ২৫তম ক্রিকেটার হিসেবে দ্বি-শতক করেন এই তিনি।
ঢাকা টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হওয়া স্যামুয়েলসের ম্যারাথন ইনিংস অবশ্য নিখুঁত নয়। প্রথম সেশনের শুরুতেই আবুল হাসানের বলে প্রথম স্লিপে নাঈম ইসলামের হাতে জীবন পান সে সময়ে ১১৭ রানে ব্যাট করা এই ব্যাটসম্যান।
ব্যক্তিগত ১৬৭ রানে আরেকবার বেঁচে যান স্যামুয়েলস। সাকিব আল হাসানের বল তাকে পরাস্ত করে উইকেটে অঘাত হানলেও বেল না পড়ায় সেবারও হতাশ হতে হয় স্বাগতিকদের।
ঢাকা টেস্টের মতো এই টেস্টেও অতিথিদের তিনজন ব্যাটসম্যান শতক করেছেন। অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান চন্দরপল ১০৯ ও রামদিন ৪ রানে ব্যাট করছেন। চন্দরপলের এটি ২৭তম টেস্ট শতক, বাংলাদেশের বিপক্ষে তৃতীয়। তার ২০৬ বলের ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা।
এর আগে প্রথম ইনিংসে ৩৮৭ রান করে বাংলাদেশ।
ঢাকা টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৮৭ (তামিম ৩২, নাজিম ৪, নাফীস ২৬, নাঈম ১৬, সাকিব ১৭, মুশফিক ৩৮, নাসির ৫২, মাহমুদুল্লাহ ৭৬, সোহাগ ০, হাসান ১১৩, রুবেল ৫*; ফিদেল ৬/৯০, স্যামি ৩/৭৪, পারমল ১/৭৯)
ওয়েস্ট ইন্ডিজ: ৫৬৪/৪ (গেইল ২৫, পাওয়েল ১৩, ব্রাভো ১২৭, স্যামুয়েলস ২৬০, চন্দরপল ১০৯*, রামদিন ৪*; রুবেল ২/৭৫, সোহাগ ২/১৪৩)
