ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত সফর ভালোই কেটেছে বিসিবি-স্ট্যান্ডার্ড চার্টার্ড সম্মিলিত স্কুল দলের। শুক্রবার দেশে ফিরে দলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন কোচ আব্দুল করিম জুয়েল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের সফর খুব ভালো হয়েছে। ভারতের কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছিলো ছেলেরা।”
“ছয়টি ম্যাচ খেলে আমরা শুধু একটিতে হেরেছি। একটা দুই দিনের ম্যাচ বৃষ্টির জন্য বেশিক্ষণ হতে পারেনি। বাকি দুটোতেই আমরা প্রথম ইনিংসে লিড নিয়েছিলাম,” যোগ করেন জুয়েল।
সম্মিলিত স্কুল দলের প্রায় সব ব্যাটসম্যান রান পেলেও কোচ আলাদা করে বললেন নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ারের কথা। তিনি বলেন, “এই দুজন সত্যিই অসাধারণ ব্যাটিং করেছে। শান্ত তো দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহক।”
মুনিম, অনিল বাবু, তৌহিদুল ইসলামদের পেস বোলিংয়েরও প্রশংসা করেছেন কোচ।
সম্মিলিত স্কুল দলের অধিনায়ক তানজিদ আহমেদ ইমন বলেন, “এটা আমাদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা হলো। ভবিষ্যতের জন্য এই সফর অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।”
“স্কুল ক্রিকেট যারা খেলে তাদের সাধারণত বাইরে খেলার সুযোগ হয় না। এবার দেশের বাইরে খেলার সুবাদে আমাদের দলের প্রত্যেকে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে। সফরে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি,” যোগ করেন তিনি।
কেরালায় স্থানীয় দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও দুই দিনের ম্যাচ খেলে সম্মিলিত স্কুল দল। প্রথম ওয়ানডে ৫১ রানে ও তৃতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতলেও দ্বিতীয় ওয়ানডে ৫৬ রানে হেরে যায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৪৭ঘ.
bdnews24