ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে ১২ রানে ৪ উইকেট নিয়ে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখা ভারতের অফস্পিনার হরভজন সিংকে মোকাবেলার জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মাইক হাসি। শুক্রবার সুপার এইটের দ্বিতীয় ম্যাচে খেলবে ভারত-অস্ট্রেলিয়া।
মাইক হাসির মতো খুব কম ব্যাটসম্যানই জর্জ বেইলির দলে আছেন যাদের হরভজনের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। হাসি মনে করেন, তার দলের ব্যাটসম্যানরা প্রস্তুত বলে উল্টো হরভজনকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে।
তিনি বলেন, “তিনি (হরভজন) ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বল করেছেন। স্পেলের শুরুতে ভাগ্যেরও একটু সহয়তা পেয়েছিলেন তিনি। সেটাই পরে ভালো বল করার ক্ষেত্রে তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।”
“টুর্নামেন্টে পরের দিকে তাকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তবে হরভজন একজন বিশ্ব মানের স্পিনার। বহু বছর ধরে তিনি এর প্রমাণ দিয়েছেন। তিনি নিজেকে ফিরে পেলে ব্যাটসম্যানদের জন্য কাজ অনেক কঠিন হয়ে যাবে,” যোগ করেন তিনি।
সুপার এইট দিয়েই সত্যিকারের লড়াই শুরু হল বলে মনে করেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
তিনি বলেন, “আমরা টুর্নামেন্ট উপভোগ করছি, কিন্তু সামনের ম্যাচগুলোর গুরুত্ব অনেক বেশি।”
গ্র“প পর্বে দুই ম্যাচে জয়ের নায়ক শেন ওয়াটসনকে ভারতের বিপক্ষে বড় ভরসা মানছেন বেইলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২১ ঘ.
bdnews24