ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে এবং ওয়েস্ট ইন্ডিজ প্রতিযোগিতার দুবারের রানার্সআপ নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ।
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা
গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়া শ্রীলঙ্কা করে ৭৯ রান। সর্বোচ্চ ২৪ রান দিলানি মানোদারার। স্বাগতিকদের ৫ জনই রান আউটের শিকার।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সুসানা বেনাডি ও ড্যান ভ্যান নিকার্ক দুটি করে উইকেট নেন।
জবাবে ত্রিশা চেট্টির ৩৩ ও নিকার্কের অপরাজিত ১৫ রানের সুবাদে ১৭ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিকদের হয়ে ১৫ রানে ২ উইকেট নেন ইনোকা রানাবীরা।
ওয়েস্ট ইন্ডিজ-নিউজল্যান্ড
একই স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৭ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩২ রান অধিনায়ক সুজি বেটসের।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে স্টেফানি টেলর, আনিসা মোহাম্মদ ও শেমাইন ক্যাম্পবেল দুটি করে উইকেট নেন।
জবাবে ডিয়ান্ড্রা ডটিনের ঝড়ো ব্যাটিং দুই ওভার আগেই লক্ষ্যে পৌঁছে দেয় ক্যারিবীয় মেয়েদের। ৪২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন ডটিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান স্টেফানির।
১৮ রানে ২ উইকেট নেন এরিন বার্মিংহাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩৩ঘ.
bdnews24