২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ’ দলের সহজ জয়

চার দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলকে সহজেই ৫২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলকে সহজেই ৫২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। জয়ের জন্য বুধবার শেষ দিনে স্বাগতিকদের প্রয়োজন ছিল ৪ উইকেট, আর অতিথিদের আরো ১১৯ রান। এই লড়াইয়ে শেষ হাসি ‘এ’ দলের। ৬ উইকেটে ১২০ রান নিয়ে খেলা শুরু করা ক্যারিবীয়রা দুই বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ও সাকলায়েন সজীবের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে অলআউট হয়ে যায় ১৮৬ রানে। আগের দিন কোনো সাফল্য না পেলেও বুধবার তিন উইকেট নিয়ে অতিথিদের লড়াইয়ের কোনো সুযোগই দেননি এনামুল। প্রথম ইনিংসে ৪৫ রানে ৭ এবং দ্বিতীয় ইনিংসে ৭৩ রানে ৩ উইকেট, এর সঙ্গে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মূল্যবান ২৫ রান - ম্যাচ-সেরা হওয়ার লড়াইয়ে এনামুলের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিলা ন। ‘এ’ দলের জয়ে সজীবের অবদানও কম নয়। দ্বিতীয় ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। বুধবার ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের হয়ে একজনই লড়াই করতে পেরেছেন - ৪৭ রানে অপরাজিত থাকা জাহমার হ্যামিল্টন। এই দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শুক্রবার থেকে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর। ৪ ও ৫ অক্টোবর দুটি টি-টোয়েন্টিও খেলবে দুদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫৭ঘ.