ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৭৫ রানের বড় ইনিংস গড়েও ৮ উইকেটের বড় হারে ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় ওভারের প্রথম বলে আবুল হাসান রাজু ইমরান নাজিরের ক্যাচ হাত ছাড়া না করলে ম্যাচের ফলাফল অন্যরকম হতো বলে মনে করেন তিনি।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “কোন জায়গায় হেরেছি এটা বলা মুশকিল। প্রথম দিকে আমরা একটা সুযোগ পেয়েছিলাম। সেটা কাজে লাগাতে পারিনি।”
“দ্বিতীয় ওভারে উইকেট হারালে ওরা বেশ চাপে পড়ে যেত। আমাদের যা বোলিং তাতে দ্রুত রান তোলা এতো সহজ হত না। উইকেট না পড়ায় ৬ ওভারে পাকিস্তান ৭০ রান করে ফেলে। তাদের ৫০ এর মধ্যে আটকে রাখতে পারলে ম্যাচটা অন্যরকম হতে পারতো,” যোগ করেন তিনি।
উইকেটে স্পিনারদের জন্য তেমন সহায়তা না থাকায় ইলিয়াস সানির বদলে আবুল হাসানকে খেলানো হয়েছে বলে জানান মুশফিক।
এমন ইনিংস খেলার পর ৮ উইকেটের হার, সাকিব আল হাসানকে কি বলে সান্ত্বনা দিয়েছেন জানতে চাইলে মুশফিক বলেন, “সাকিবের জন্য খারাপ লাগছে। আমাদের সবার দায়িত্ব ছিল সাকিবকে সহায়তা দেয়া।”
“এটা আসলে আমাদের সবার জন্য একটা বিশেষ অভিজ্ঞতা। এমন একটি শক্তিশালী দলের বিপক্ষে সাকিব যা করেছেন তা সচরাচর কেউ পারে না,” বলেন মুশফিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৫০ ঘ.
bdnews24