২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হারানোর আশা তামিমের

গত মার্চে এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে দুবার লড়াই করে হার মেনেছিলো বাংলাদেশ। ফাইনালে তো পাকিস্তান জিতেছিলো মাত্র ২ রানে। তবে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাঁচা-মরার লড়াইয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তামিম ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত মার্চে এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে দুবার লড়াই করে হার মেনেছিলো বাংলাদেশ। ফাইনালে তো পাকিস্তান জিতেছিলো মাত্র ২ রানে। তবে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাঁচা-মরার লড়াইয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তামিম ইকবাল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ভুলগুলো শুধরে নিতে রোববার অনুশীলনে কঠোর পরিশ্রম করেছে মুশফিকুর রহিমের দল। অনুশীলন শেষে সাংবাদিকদের শুক্রবারের হারের ব্যাখ্যা দিতে গিয়ে তামিম বলেন, “ঐ ম্যাচে আমরা তিনটি বিভাগেই খারাপ করেছি। ক্যাচ যেমন ছেড়েছি তেমনি বাজে ফিল্ডিং করে রানও দিয়েছি বেশ কিছু। বোলিং-ব্যাটিংও ভালো হয়নি।” “নিঃসন্দেহে এই হার আমাদের জন্য বড় ধাক্কা। তবে (মঙ্গলবার) পাকিস্তানের বিপক্ষে শুরুটা ভালো হলে আর সেদিনের ভুলের পুনরাবৃত্তি না করলে আমাদেরও জয়ের সুযোগ আছে,” যোগ করেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজের বলে বেশ কয়েক বার আউট হয়েছেন তামিম। এবার হাফিজকে সামলানো প্রসঙ্গে তিনি বলেন, “হাফিজ যে ভালো বোলার তাতে কোনো সন্দেহ নেই। তার বিপক্ষে আমি নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করবো।” আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাত্র একটিই জয়, ১৯৯৯ বিশ্বকাপে। তবে এবার যথেষ্ট আত্মবিশ্বাসী তামিম। তিনি বলেন, “পাকিস্তান টি-টোয়েন্টির অন্যতম সেরা দল বটে, তবে অপরাজেয় নয়। নিজেদের সেরাটা খেলতে পারলে তাদেরও হারানো সম্ভব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১১ঘ.