ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ রানে হেরে গেলেও ‘ডি’ গ্র“প থেকে সুপার এইট নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। পাকিস্তানের জয় তেমন বড় ব্যবধানে না হওয়ায় বাংলাদেশের শেষ আটের পথ এখন বেশ কঠিন।
মঙ্গলবার পাকিস্তানকে অনেক বড় ব্যবধানে হারাতে পারলেই সুপার এইটের টিকেট হাতে পাবে বাংলাদেশ।
নেট রান রেটে পাকিস্তানের (+০.৬৫০) চেয়ে অনেকখানি এগিয়ে আছে নিউজিল্যান্ড (+১.১৫০)। নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে হেরে যাওয়ায় বাংলাদেশের (-২.৯৫০) নেট রান রেট একদমই ভালো নয়।
পাল্লে¬কেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৭ রান করে পাকিস্তান। জবাবে ৯ উইকেটে ১৬৪ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে কেন উইলিয়ামসনের (১৫) সঙ্গে রব নিকোলের (৩৩) ৫৩ রানের উদ্বোধনী জুটি ও তৃতীয় উইকেটে ড্যানিয়েল ভেট্টরির (১৮) সঙ্গে ব্রেন্ডন ম্যাককালামের (৩২) ৪৮ রানের জুটি নিউজিল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো।
তবে ভেট্টরি ও ম্যাককালামের বিদায়ের পর অধিনায়ক রস টেলর (১১ বলে ২৬), জ্যাকর ওরাম (৭ বলে ১১) ও জেমস ফ্র্যাঙ্কলিনের (৬ বলে ১৩) প্রচেষ্টা হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে নিউজিল্যান্ডের।
৩০ রানে ৪ উইকেট নিয়ে সাঈদ আজমল পাকিস্তানের সেরা বোলার।
এর আগে উদ্বোধনী জুটিতে ইমরান নাজিরের (১৬ বলে ২৫) সঙ্গে ৪৭ ও দ্বিতীয় উইকেটে নাসির জামশেদের (৩৫ বলে ৫৬) সঙ্গে হাফিজের (৩৮ বলে ৪৩) ৭৬ রানের জুটি পাকিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়।
তবে দলীয় ১২৩ রানে হাফিজ ও ১৩৪ রানে জামশেদের বিদায়ের পর পাকিস্তানের রান সংগ্রহের গতিতে ভাটা পরে।
শেষ দিকে উমর আকমল (১৫ বলে ২৩) ও শহীদ আফ্রিদির (৬ বলে ১২) আক্রমণাত্মক ব্যাটিংয়ে পৌনে দু শ’ পেরিয়ে যায় পাকিস্তান।
টিম সাউদি ও ওরামের শিকার দুটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৩৬ ঘ.
bdnews24