ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবারের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি হানা দেয়। ‘বি’ গ্র“পের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ১৭ রানে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে উঠেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ইনিংসের ৯ ওভার ১ বল পর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয় নি। ডার্কওয়ার্থ/লুইস পদ্ধতিতে সে সময় জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৮৩ রান।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ ওভার ১ বলে ১ উইকেটে ১০০ রান করে অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নারের ১৪ বলে ২৮ রানের আক্রমণাত্মক ইনিংস অস্ট্রেলিয়াতে উড়ন্ত সূচনা এনে দেয়। তৃতীয় ওভারের প্রথম বলে দলীয় ৩০ রানে ওয়ার্নার বিদায় নিলেও গত আসরের রানার্সআপ দলটির রান সংগ্রহে ভাটা পড়েনি।
দ্বিতীয় উইকেটে ৭ ওভারে মাইক হাসির (১৯ বলে অপরাজিত ২৮) সঙ্গে শেন ওয়াটসনের ৭০ রানের জুটি অস্ট্রেলিয়ার সহজ জয় নিশ্চিত করে। ওয়াটসন অপরাজিত থাকেন ৪১ রানে। তার ২৪ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা।
এর আগে ব্যাট করতে নেমে ডোয়াইন স্মিথ (২) ও জনসন চার্লস (১৬) দ্রুত বিদায় নিলেও ক্রিস গেইলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে তার কোনো প্রভার ওয়েস্ট ইন্ডিজের ওপর পড়েনি।
তৃতীয় উইকেটে মারলন স্যামুয়েলসের সঙ্গে গেইলের ৪৬ রানের জুটির সৌজন্যে ১০ ওভারে ২ উইকেটে ৯৩ রানের শক্ত ভিতের ওপর দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। এগারোতম ওভারের প্রথম বলে গেইল (৫৪) বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। তার ৩৩ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা।
গেইলের বিদায়ের পর আক্রমণাত্মক হয়ে উঠেন স্যামুয়েলস। অর্ধশতকে পৌঁছানোর পর স্যামুয়েলস (৫০) বিদায় নিলেও চতুর্থ উইকেটে ডোয়াইন ব্রাভোর সঙ্গে ৪৭ তার রানের জুটি দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। স্যামুয়েলসের ৩২ বলের ইনিংসে ৩টি চার ৪টি ছক্কা।
শেষের দিকে দ্রুত উইকেট হারালেও ব্রাভোর ২৭, কাইরন পোলার্ডের ১০ ও অধিনায়ক ড্যারেন স্যামির ১২ রানের ছোট্ট কিন্তু কার্যকর তিন ইনিংসের সুবাদে দুশ রানের কাছাকাছি স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১৬ ঘ.
bdnews24