২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

বিশ্বকাপের প্রথম ম্যাচে অর্ধশতক করে বাংলাদেশকে বড় লজ্জার হাত থেকে রক্ষা করা নাসির হোসেন বলছেন, ধাক্কা সামলে পাকিস্তানের মুখোমুখি হতে তারা প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ দিন প্রস্তুতি নেয়ার পর নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানের হার বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিশাল ধাক্কা। তবে চমৎকার অর্ধশতক করে বাংলাদেশকে আরো বড় লজ্জার হাত থেকে রক্ষা করা নাসির হোসেন জানিয়েছেন, ধাক্কা কাটিয়ে পাকিস্তানের মুখোমুখি হতে তারা প্রস্তুত। শনিবার এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, “নিউজিল্যান্ডের সঙ্গে হারের ধাক্কা আমরা কাটিয়ে উঠেছি। ক্রিকেটে সবারই খারাপ দিন আসে। প্রত্যেক দিন সবাই ভালো খেলতে পারে না।” “‘আন্তর্জাতিক ম্যাচে চাপ থাকবেই। আমরা বাড়তি চাপ নেই নি। কিন্তু ওরা অপ্রত্যাশিত ভালো খেলে ম্যাচ বের করে নিয়েছে,” যোগ করেন তিনি। নিউজিল্যান্ডের সঙ্গে বিধ্বস্ত হলেও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা নাসিরের। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে ভালো খেলার ব্যাপারে আমরা আশাবাদী। আজকেও (শনিবার) টিম মিটিংয়ে এ নিয়ে কথা হয়েছে।” টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মনে করেন নাসির। তিনি বলেন, “প্রথম ৬ ওভারে ওরা তেমন রান করতে পারে নি। কিন্তু ব্রেন্ডন ম্যাককালামের অসাধারণ ইনিংসই আমাদের হারিয়ে দিয়েছে।” ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের পক্ষে একমাত্র নাসিরই যা লড়াই করেছেন। তবে ৩৯ বলে ৫০ রানের দারুণ ইনিংসটা তাকে একটুও তৃপ্তি দিতে পারেনি। তিনি বলেন, “দল হারলে শতক-অর্ধশতকেও কিছু এসে যায় না। আর দল জিতলে নিজে শূন্য রানে আউট হলেও অনেক আনন্দ হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪২ঘ.