ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববারের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৯০ রানে হারিয়ে ‘বি’ গ্র“প চ্যাম্পিয়ন ভারত।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭০ রান করে ভারত। জবাবে ১৪ ওভার ৪ বলে ৮০ রানেই অলআউট হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রায় একাই খেলেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ কিসওয়েটার। ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে তিনি ৩৫ রান করলেও ৬০ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।
দশম উইকেটে স্টিভেন ফিন (১২) ও জাদে ডের্নবাকের (৮) ২০ রানের ছোট্ট কিন্তু কার্যকর জুটির সৌজন্যে টি-টোয়েন্টিতে সর্বনি¤œ রানে (৬৭) অলআউট হওয়ার লজ্জা থেকে রক্ষা পায় ইংল্যান্ড।
এই প্রথম টি-টোয়েন্টিতে কোনো দলকে একশ রানের নিচে অলআউট করলো ভারত। টি- টোয়েন্টিকে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন রান। গত বছরের ২৫ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৮ রানের পর এই প্রথম একশর নিচে অলআউট হল স্টুয়ার্ট ব্রডের দল।
১২ রানে ৪ উইকেটে নিয়ে হরভজন সিং ভারতের সেরা বোলার। ইরফান পাঠান ও পীযুষ চাওলা দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ইরফান পাঠানের (৮) দ্রুত বিদায়ে ভারতের শুরুটা ভালো হয় নি। তবে বিরাট কোহলির ৩২ বলে ৪০ ও গৌতম গম্ভীরের ৩৮ বলে ৪৫ রানের দুটি কার্যকর ইনিংসের সৌজন্যে এক পর্যায়ে ২ উইকেটে ১১৯ রানের শক্ত ভিতের ওপর দাঁড়ায় ভারত।
কোহলি-গম্ভীরের গড়ে দেয়া ভিত কাজে লাগাতে ভুল করেন নি রোহিত শর্মা। চার নম্বরে ব্যাট করতে নামা রোহিত শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৫ রানে। তার ৩৩ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা।
৩৩ রানে ২ উইকেট নিয়ে স্টিভেন ফিন ইংল্যান্ডের সেরা বোলার।
ভারত বিশ্রাম দিয়েছে বীরেন্দর শেবাগ, জহির খান ও রবীচন্দ্রন অশ্বিনকে। দলে ফিরেছেন হরভজন সিং, পীযুষ চাওলা ও অশোক দিন্দা।
আফগানিস্তানকে হারিয়ে দুই দলই এক ম্যাচ হাতে রেখে সুপার এইট নিশ্চিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৮ ঘ.
bdnews24