ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কিছু দিন ধরে বাংলাদেশের সাফল্যের অন্যতম কারণ স্পিনারদের উজ্জ্বল পারফরম্যান্স। অথচ সাকলায়েন মুশতাক স্পিন বোলিং কোচের দায়িত্ব নেয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্পিনাররা একদমই সুবিধা করতে পারেননি। তবে তাদের ওপরে আস্থা হারাননি পাকিস্তানের সাবেক তারকা অফস্পিনার।
রোববার বাংলাদেশের অনুশীলন শেষে সাংবাদিকদের সাকলায়েন বলেন, “পেস সহায়ক পিচে খেলা হচ্ছে বলে আমাদের স্পিনারদের কাজ অনেক কঠিন হয়ে পড়েছে। শেন ওয়ার্ন, অনিল কুম্বলে আর আমাকেও সবুজ পিচের সঙ্গে লড়াই করেই উইকেট নিতে হয়েছিলো। তবে একজন ভালো বোলারের বৈশিষ্ট্য হলো পিচের সঙ্গে মানিয়ে নেয়া। বাংলাদেশের স্পিনারদেরও সবুজ পিচে উইকেট নেয়ার কৌশল রপ্ত করতে হবে।”
আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান আর ইলিয়াস সানির ওপরে অবশ্য পূর্ণ আস্থা আছে দুসরার উদ্ভাবক সাকলায়েনের। তিনি বলেন, “আমি তাদের বোলিংয়ে কোনো মৌলিক পরিবর্তন আনছি না। আমার কাজ হচ্ছে ছোট ছোট ধাপে তাদের লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া। তবে তাদের আরো সময় দিতে হবে।”
নিউজিল্যান্ডকে ১৭০ রানের মধ্যে বেঁধে ফেলার সামর্থ্য বাংলাদেশের বোলারদের ছিল বলে মনে করেন সাকলায়েন। তিনি বলেন, “প্রথম ম্যাচে পেসার-স্পিনারদের কেউই পরিকল্পনা অনুযায়ী বল করতে পারে নি। টি-টোয়েন্টিতে বোলারদের প্রধান কাজ হলো ডট বল করে প্রতিপক্ষের ওপরে চাপ বাড়িয়ে দেয়া। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে বোলাররা তা করতে পারেনি।”
নিউজিল্যান্ডের সঙ্গে ব্যর্থ হলেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী সাকলায়েন। পাকিস্তানের স্পিন-ত্রয়ী আজমল-আফ্রিদি-হাফিজের বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়াতে ব্যাটসম্যানদের সাহায্যও করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৬ঘ.
bdnews24