২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেন্ডন ম্যাককালামের শতকে বাংলাদেশের হার

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবারের প্রথম খেলায় ব্রেন্ডন ম্যাককালামের শতকে নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে হেরেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবারের প্রথম খেলায় ব্রেন্ডন ম্যাককালামের শতকে নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার ‘সি’ গ্র“পের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে রোববার মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাককালামের শতকের সৌজন্যে ৩ উইকেটে ১৯১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১৩২ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে কাইল মিলসের তোপের মুখে ৩৭ রানেই সাজঘরে ফিরে আসেন বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান। তামিম ইকবাল রানের খাতাই খুলতে পারেন নি। অধিনায়ক মুশফিকুর রহিম (৪) একবার জীবন পেয়েও পৌঁছাতে পারেন নি দুই অঙ্কের কোঠায়। পঞ্চম উইকেটে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের (১৫) সঙ্গে ৫০ ও জিয়াউর রহমানের (১৪*) সঙ্গে ২৮ রানের দুটি জুটি গড়ে বাংলাদেশকে আরো বড় বিপদের হাত থেকে রক্ষা করেন নাসির হোসেন (৫০)। তার ৩৯ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা। দলীয় ১১৫ রানে নাসিরের বিদায়ের পর আর বেশি দূর এগোয়নি বাংলাদেশের ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি (৩/১৬) ও মিলস (৩/৩৩) তিনটি করে উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা খুব একটা ভালো হয় নি। ১৯ রানে মার্টিন গাপটিলকে (১১) বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন আব্দুর রাজ্জাক। দ্বিতীয় উইকেটে জেমস ফ্র্যাঙ্কলিনের (৩৫) সঙ্গে ব্রেন্ডনের ৯৪ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ফ্র্যাঙ্কলিনকে ইলিয়াস সানির ক্যাচে পরিণত করে বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন মাশরাফি বিন মুর্তজা। ফ্র্যাঙ্কলিনের বিদায়ের পর আরো আক্রমণাত্মক হয়ে উঠেন ব্রেন্ডন। তৃতীয় উইকেটে অধিনায়ক রস টেলরের (১৪*) সঙ্গে ৩৫ বলে তার ৭৮ রানের জুটি নিউজিল্যান্ডকে নিয়ে যায় দুশ রানের কাছাকাছি। ইনিংসের শেষ বলে তামিম ইকবালের হাতে ধরা পড়ার আগে ১২৩ রান করেন ব্রেন্ডন, যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এটি তার দ্বিতীয় শতক। এই ফরম্যাটে একমাত্র তিনিই দুবার শতকে পৌঁছালেন। তার ৫৮ বলের ইনিংসে ১১টি চার ও ৭টি ছক্কা। ২৮ রানে ২ উইকেট নিয়ে রাজ্জাক বাংলাদেশের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯১৬ ঘ.