২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার এইটে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবারের একমাত্র ম্যাচে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে ‘সি’ গ্র“প থেকে সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শেষ আটে এবি ডি ভিলিয়ার্সের দলের সঙ্গী উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৮২ রানে হারানো শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবারের একমাত্র ম্যাচে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে ‘সি’ গ্র“প থেকে সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শেষ আটে এবি ডি ভিলিয়ার্সের দলের সঙ্গী উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৮২ রানে হারানো শ্রীলঙ্কা। তিন দিনেই বিশ্বকাপ শেষ হয়ে গেল ব্রেন্ডন টেলরের দলের। প্রথম দল হিসেবে প্রতিযোগিতা থেকে বাদ পড়লো আফ্রিকার দেশটি। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯৩ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১২ ওভার ৪ বলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিবেশী জিম্বাবুয়ের বোলারদের তেমন কোনো সুযোগ দেননি টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের রেকর্ডধারী রিচার্ড লেভি ও হাশিম আমলা। নতুন বলের দুই বোলার কাইল জার্ভিস ও ব্রায়ান ভিতোরির এলোমেলো বোলিং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কাজ আরো সহজ করে দেয়। গত বছরের সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার জেতা লেভি অপরাজিত থাকেন ৫০ রানে। তার ৪৩ বলের ইনিংসে ৬টি চার। ৪৪ বল অব্যবহৃত রেখে জেতা ম্যাচে আমলারও ভালো অবদান। ৩৩ বলে ৩টি চারের সাহায্যে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে মর্নে ও আলবি মরকেল ১৬ রানেই প্রথম তিন ব্যাটসম্যানকে বিদায় করে দিলে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয় নি। চতুর্থ উইকেটে স্টুয়ার্ট মাতসিকেনারির (১১) সঙ্গে ৩৫ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন ক্রেইগ আরভিন। একাদশ ওভারে বল করতে এসে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে মাতসিকেনারি ও এল্টন চিগুম্বুরাকে বিদায় করে জিম্বাবুয়ের বিপদ বাড়ান জ্যাক ক্যালিস। এরপর আর কোনো জুটি গড়ে তুলতে না পারা জিম্বাবুয়ে একশর কাছাকাছি পৌঁছায় আরভিনের ৩৭ রানের সৌজন্যে। ১৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যালিস দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪৭ ঘ.