২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজেও সমতা

ওয়ানডে সিরিজের মতো ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজও শেষ হয়েছে সমতায়। পঞ্চম ওয়ানডে জিতে অতিথিরা সমতা ফিরিয়েছিল এবার তৃতীয় টি-টোয়েন্টি ২৮ রানে জিতে স্বাগতিকরা তা পুনরাবৃত্তি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 03:58 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে সিরিজের মতো ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজও শেষ হয়েছে সমতায়। পঞ্চম ওয়ানডে জিতে অতিথিরা সমতা ফিরিয়েছিল এবার তৃতীয় টি-টোয়েন্টি ২৮ রানে জিতে স্বাগতিকরা তা পুনরাবৃত্তি করেছে। এই জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এজবাস্টনে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১১ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১১৮ রান করে ইংল্যান্ড। ক্রেইগ কিসওয়েটারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫০ রান। তার ৩২ বলের ইনিংসে ৩টি করে চার ও ছয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন জস বাটলার। তার ১০ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা। দুটি ‘নো’ বলসহ ওয়েইন পার্নেলের আট বলের ওভারে ৩২ রান নিয়ে ইংল্যান্ডকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন বাটলার। স্টুয়ার্ট ব্রডের বলে যুবরাজের ৩৬ রানের পর এটাই টি-টোয়েন্টিতে সবচেয়ে ব্যয়বহুল ওভার। দক্ষিণ আফ্রিকার পক্ষে জোহান বোথা ও মর্নে মরকেল দুটি করে উইকেট নেন। ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৯০ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। সর্বোচ্চ ৩৬ রান উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রানে অপরাজিত থাকেন আলবি মরকেল। ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন গ্রায়েম সোয়ান ও টিম ব্রেসন্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৫৭ ঘ.