২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজের আবেগময় প্রত্যাবর্তন

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের কানায়-কানায় ভরা গ্যালারিতে অজস্র ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ সিংয়ের প্রত্যাবর্তন হয়ে রইলো আবেগময়। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে তিনি গর্বিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 06:21 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের কানায়-কানায় ভরা গ্যালারিতে অজস্র ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ সিংয়ের প্রত্যাবর্তন হয়ে রইলো আবেগময়। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে তিনি গর্বিত। বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে ক্যারিয়ারের ‘দ্বিতীয় ইনিংস’-এর সূচনা হতে পারতো যুবরাজের। বৃষ্টির কারণে তা সম্ভব হয় নি। তবে চেন্নাই হতাশ করেনি ফুসফুসের ক্যান্সারকে জয় করা ভারতের তারকা অলরাউন্ডারকে। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যুবরাজও হতাশ করেননি ভক্তদের। বোলিংটা ভালো হয়নি। দুই ওভার বল করে ১৪ রান দিয়ে কোনো উইকেট নেই। তবে অনুজ্জ্বল বোলিংয়ের হতাশা ব্যাট হাতে দূর করেছেন ভালোভাবেই। চার নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে একটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩৪ রান। তার সঙ্গে লক্ষ্মীপতি বালাজির বলে জেমস ফ্র্যাঙ্কলিনের ক্যাচটি তো আছেই। ম্যাচ শেষে যুবরাজ বলেন, “মাঠে ফিরতে পেরে আমি খুশি। ব্যাট করতে নামার সময় আমি খুব নার্ভাস ছিলাম....ফিল্ডিংয়ে নামার সময় ভীষণ আবেগপ্রবণ হয়েও পড়েছিলাম। আজ (মঙ্গলবার) সারা দিনই ছিল আবেগময়। আমার পরিবার, আমার মা, বন্ধুরা এখানে এসেছেন। আমার জন্য ভালো একটি দিন।” “আমি জানি না, আগে ব্যাট করলে কী হতো। আগে ফিল্ডিং করা আমার জন্য ভালোই হয়েছে,” যোগ করেন গত ওয়ানডে বিশ্বকাপের সেরা খেলোয়াড়। যুবরাজ আরো বলেন, “আমার প্রথম বাউন্ডারির শটটা তেমন ভালো ছিল না। চার হওয়ার পর অবশ্য খুব ভালো লেগেছে। তবে ছক্কা হওয়ার পর সবচেয়ে ভালো লেগেছে। কারণ সে সময় বেশ চাপের মধ্যে ছিলাম।” “আমার জন্য অনেক বড় লড়াই ছিল এটা। আবার মাঠে ফিরতে পেরে আমি গর্বিত,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৮ঘ.