ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাজে ফিল্ডিংয়ের মাসুল দিয়ে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে অতিথিরা।
শুক্রবার সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০৫ রান করে বাংলাদেশ। জবাবে শেষ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য তাড়া করতে নেমে জাহানারা আলমের মারাত্মক বোলিংয়ে ১৫ রানেই দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু তৃতীয় উইকেটে অ্যালিসন হজকিন্সের (৩৭) সঙ্গে সুসানা বেনাডির ৭৩ রানের জুটি ধাক্কা সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আসে দক্ষিণ আফ্রিকার হাতে।
দলীয় ৮৮ রানে অ্যালিসন লতা মণ্ডলের দুর্দান্ত ক্যাচে পরিণত হলে স্বাগতিকদের জন্য বিপদজনক হয়ে ওঠা এই জুটি ভাঙে। এর আগে দুবার ক্যাচ দিয়েও বেঁচে যান অ্যালিসন-সুসানা। উইকেটরক্ষক নুজহাত তাসনিয়াও দুটি স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন।
উনিশতম ওভারে ফিরে দ্বিতীয় বলে রানের খাতা খুলার আগে অধিনায়ক মিগনন দু প্রিজকে ফিরিয়ে দিয়ে অতিথিদের বড় একটা ধাক্কা দেন জাহানারা।
জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। এই ওভারের প্রথম তিন বলে ব্যাটে বল ছোঁয়াতে না পারলেও বাজে ফিল্ডিংয়ের সৌজন্যে ২ রান পায় অতিথিরা। চতুর্থ বলে সুসানা চার মেরে দলের জন্য সমীকরণ সহজ করে ফেলেন। এরপরও সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু পঞ্চম বলে আবারো মিস ফিল্ডিং হলে হার এড়াতে পারে নি অতিথিরা।
ম্যাচ শেষে ৫৩ রানে অপরাজিত থাকেন চারবার জীবন পাওয়া সুসানা। তার ৪৮ বলের ইনিংসে ৩টি চার ও দুটি ছক্কা।
১৬ রানে ৩ উইকেট নিয়ে জাহানারা বাংলাদেশের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে প্রায় একাই খেলতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুনকে। লতা মন্ডল (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে না পারায় আরো বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও কোনোমতে একশ পেরোয় বাংলাদেশ।
শুরুতে অনেক বেশি অতিরিক্ত রান দিয়ে বাংলাদেশের জন্য কাজটা সহজ করে দেয় দক্ষিণ আফ্রিকার বোলাররা। সপ্তম ওভারের চতুর্থ বলে লতা বিদায় নেয়ার সময় বাংলাদেশের স্কোর ৫৬/৩।
তবে এরপর নিয়মিত উইকেট হারানোয় শেষের দিকে দ্রুত রান তুলতে ব্যর্থ হয় স্বাগতিকরা। দলীয় ৯৩ রানে বিদায় নেয়ার আগে ৪২ রান করেন সালমা। তার ৪২ বলের ইনিংসে ৫টি চার।
অতিরিক্ত খাত থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান।
১৬ রানে ২ উইকেট নিয়ে ডেন ভ্যান নিকার্ক দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩১২ ঘ.
bdnews24