ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন মোবাইল ফোন।
সোমবার এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ওয়ালটনের মধ্যে একটি চুক্তি হয়েছে।
ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মঙ্গলবার থেকে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের প্রধান উদয় হাকিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রমীলা ক্রিকেটারদের যথার্থ মর্যাদা দিতে এবং তাদের উৎসাহিত করতে ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজ স্পন্সরে এগিয়ে এসেছে। ১২ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় এবং ১৪ সেপ্টেম্বর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এটিএন বাংলা ম্যাচ দুটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশে কোনো নারী ক্রিকেট দলের এটিই প্রথম সফর।
এর আগে গত ৯ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে প্রথম ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতলেও বাংলাদেশের মেয়েরা সবার নজর কাড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএল/১৮০২ ঘ.
bdnews24