ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগেও ইঙ্গিত দিয়েছিলেন কয়েক বার। আবার সৌরভ গাঙ্গুলী জানালেন, সুযোগ পেলে ভারতের কোচের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।
ভারতের একটি নিউজ চ্যানেল ‘আজ তক’কে দেয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, “আমি অবশ্যই কোচিংয়ে আগ্রহী। তবে ভবিষ্যতে কী ঘটবে তা শুধু সময়ই বলে দেবে। যদি বিসিসিআই (ভারতের ক্রিকেট বোর্ড) মনে করে যে আমি ভালো কোচ হতে পারবো, তাহলে আমিও দায়িত্বটা নিতে প্রস্তুত। আমার জন্য এটা হবে ক্রিকেটের প্রতি দায় মেটানোর একটা উপায়।”
ঠিক কবে নাগাদ কোচ হতে চান, সে সম্পর্কে অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় ‘টিম ইন্ডিয়া’র দায়িত্বে থাকতে চান কি না, এমন প্রশ্ন করা হয়েছিলো তাকে। তবে সৌরভ ভারতের বর্তমান কোচ ডানকান ফ্লেচারের প্রতি আস্থা রাখতে আগ্রহী।
তিনি বলেন, “বিশ্বকাপ আর তিন বছর পরে। আসছে মৌসুমে দল ভালো করলে ডানকানের চুক্তি অবশ্যই বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে নেয়া উচিৎ। আমি মনে করি আমাদের সবার ডানকানকে সমর্থন দেয়া প্রয়োজন।”
তবে ক্রিকেটে একজন অধিনায়কই যে একটি দলের জন্য শেষ কথা, এই মতবাদে এখনো তিনি বিশ্বাসী। এ প্রসঙ্গে ২০০০ সালে অধিনায়ক হয়ে ভারতীয় দলকে বদলে দেয়া সৌরভ বলেন, “আমি সব সময় মনে করি অধিনায়ক একটি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধন এবং নিজের বুদ্ধি-বিবেচনা অনুযায়ী তার কাজ করা উচিৎ। পরিস্থিতি অনুযায়ী মাঠেই তাকে সিদ্ধান্ত নিতে হবে।”
“(ভারতীয় দলে) ৫/৬ বছর অধিনায়ক থাকার সময় বহু বার এমন হয়েছে যে, কোনো বিশেষ পরিস্থিতিতে কী করা হবে টিম মিটিংয়ে আগে থেকে নেয়া সিদ্ধান্তটি মাঠের মধ্যে আমি সম্পূর্ণ বদলে ফেলেছি,” যোগ করেন ভারতের সফলতম টেস্ট অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩৩ঘ.
bdnews24