২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চিত যুবরাজ তাকিয়ে শনিবারের দিকে

মাস-সপ্তাহ-দিন পেরিয়ে অপেক্ষা আর কয়েক ঘন্টার। সব কিছু ঠিক-ঠাক থাকলে শনিবার বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন যুবরাজ সিং। ভারতের ক্যান্সার-জয়ী অলরাউন্ডারের সেজন্য তর সইছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাস-সপ্তাহ-দিন পেরিয়ে অপেক্ষা আর কয়েক ঘন্টার। সব কিছু ঠিক-ঠাক থাকলে শনিবার বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন যুবরাজ সিং। ভারতের ক্যান্সার-জয়ী অলরাউন্ডারের সেজন্য তর সইছে না। ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া ‘যুবি’ উত্তেজনায় টগবগ করে ফুটছেন রীতিমতো। তিনি বলেন, “এটা আমার জীবনের এক বিশাল ঘটনা হতে যাচ্ছে। ৮ সেপ্টেম্বরের জন্য আর অপেক্ষা করতে পারছি না। প্রতিদিনই দিন গুনছি।” “আর দু/তিন দিন, কিংবা বলা যায় কয়েক ঘন্টা বাকি। আমি আসলে মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ব্যাট হাতে মাঠে নামার সেই রোমাঞ্চর দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি,” যোগ করেন যুবরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক যুগ কেটে গেছে। দল থেকে বাদ পড়া এবং দলে ফেরা তার জন্য নতুন কিছু নয়। কিন্তু ক্যান্সার নামের এক ভয়ঙ্কর দানবের সঙ্গে লড়াই করেছেন বলেই যুবরাজের কাছে শনিবারের ম্যাচটাকে সম্পূর্ণ ‘নতুন’ ধরনের অভিজ্ঞতা বলে মনে হচ্ছে। এ প্রসঙ্গে গত ওয়ানডে বিশ্বকাপের সেরা খেলোয়াড় বলেন, “ক্রিকেট মাঠের পরিবেশ আমার ভীষণই পরিচিত। ১৫ বছর বয়স থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছি। তাই যখন আমার কাছ থেকে এটা কেড়ে নেয়া হলো তখন ভীষণ দুঃখ পেয়েছিলাম। সেজন্য আবার ক্রিকেটে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। এটা অনেকটা সেই শিশুটির মতো যে জীবনে প্রথম বারের মতো বড় দিনের উপহার পেয়ে ভেতরে কী আছে তা জানার অপেক্ষায় অধীর।” অবশ্য প্রত্যাবর্তন ম্যাচে কী করবেন, তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে যুবরাজ। এই বাঁহাতি অলরাউন্ডার বলেন, “জানি না কেমন খেলবো। এক রান করবো নাকি ২০ রান, কোনো ক্যাচ বা উইকেট নিতে পারবো কি না তা-ও জানি না। শুধু জানি ব্যাপারটা খুবই কঠিন হবে। তবে আমি কঠোর পরিশ্রম করেছি, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেক অনুশীলন করেছি।” জীবনের সবচেয়ে কঠিন সময়ে সবার ভালোবাসা পেয়ে যুবরাজ ভীষণ অভিভূতও। তিনি বলেন, “আমার কাছে মাঠে ফিরতে পারা এক বিশাল অর্জন। অকুণ্ঠ ভালোবাসার কারণে পরিবার, বন্ধু-বান্ধব এবং ভারতের সব মানুষকে ধন্যবাদ জানাতে চাই। সবার আবেগ সঙ্গে নিয়েই আমি মাঠে নামবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৪৬ঘ.