ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ক্রিকেটের উন্নয়নে অনেকগুলো পরিকল্পনা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির মহিলা ক্রিকেট শাখার সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের বিশ্বাস, এ সব পরিকল্পনার সঠিক বাস্তবায়ন অল্প সময়ের মধ্যেই মহিলা ক্রিকেটকে অনেকখানি এগিয়ে দেবে।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “জেলা পর্যায়ের ক্রিকেটকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এছাড়া পেসার হান্ট, ট্যালেন্ট হান্টও আমাদের পরিকল্পনায় আছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এগুলো শুরু হবে।”
রেদওয়ান আরো বলেন, “মেয়েদের ক্রিকেট মাত্র শুরু হয়েছে। সাফল্য পেতে আরো সময় লাগবে। বড় দলগুলোর সঙ্গে আমাদের আরো বেশি ম্যাচ খেলতে হবে।”
“বিকেএসপিতে মেয়েদের একটি অ্যাকাডেমি হচ্ছে। সেখানে একটি বা দুটি মাঠ মেয়েরা সব সময়ই ব্যবহার করতে পারবে। অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দল গড়ারও প্রস্তুতি নিচ্ছি আমরা। বিসিবির পরবর্তী সভাতেই এর অনুমোদন চাওয়া হবে,” যোগ করেন মহিলা ক্রিকেট শাখার সভাপতি।
২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার লক্ষ্যের কথা জানিয়ে রেদওয়ান বলেন, “দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরোয়া সিরিজ শেষে অক্টোবরে চীনে অনুষ্ঠেয় এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও অংশ নেবে মেয়েরা।”
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “৮টি দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট চালু হবে। অন্য দল এবং নতুন দলগুলোকে নিয়ে বাছাই লিগও শুরু হবে। তবে বড় দৈর্ঘ্যরে ক্রিকেট শুরু করার পরিকল্পনা আপাতত নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩০ঘ.
bdnews24