ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। মঙ্গলবার শারজায় তিন ম্যাচের সিরিজের প্রথমটি অস্ট্রেলিয়া জিতেছে ৪ উইকেটে।
পাকিস্তানের দুর্দান্ত স্পিন আক্রমণের বিপক্ষে তার দলের ব্যাটসম্যানদের আবারও বুক চিতিয়ে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
তিনি বলেন, “স্পিন বলের বিপক্ষে আমাদের আরো উন্নতি করা প্রয়োজন। দেশের বাইরে খেলার সময় এ ব্যাপারে আমাদের আরো মনযোগ দিতে হবে।”
শারজায় ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলো অস্ট্রেলিয়া। তবে পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন ক্লার্ক (৬৬) ও জর্জ বেইলি (অপরাজিত ৫৭)।
পাকিস্তানের প্রধান সমস্যা ব্যাটিং ও ফিল্ডিং। বিশেষ করে তাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা একদমই রানে নেই। শারজায় মাত্র ৩৮ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা। এর সঙ্গে কয়েকটি ক্যাচ ফেলার মাশুল দিয়ে প্রথম ম্যাচে হারতে হয়েছে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০২৯ঘ.
bdnews24