ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সুযোগটা কাজে লাগাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার সাউদাম্পটনের রোজ বৌলে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আবার তাদের সামনে সুযোগ। জিতলেই টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে র্যাংকিংয়েরও শীর্ষে উঠে ইতিহাস গড়বে তারা।
ওয়ানডে র্যাংকিংয়ে সবার ওপরে থাকা ইংল্যান্ডের চেয়ে এখন সামান্য ব্যবধানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এই সফরেই ২-০তে টেস্ট সিরিজ জিতে ইংল্যান্ডের কাছ থেকে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান কেড়ে নিয়েছে তারা।
রোজ বৌল অবশ্য ইংল্যান্ডের জন্য দারুণ অনুপ্রেরণাদায়ী ভেন্যু। এখানে সর্বশেষ চারটি ওয়ানডেতেই জিতেছে তারা। ঐ চার ম্যাচে ২০১০ সালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে ও পাকিস্তানকে ১২১ রানে, গত বছর ভারতকে ৭ উইকেটে এবং এ বছর জুনে ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।
ইদানীং ওয়ানডেতে ইংল্যান্ডের দুর্দান্ত সাফল্য। ২০১২ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-০ ও ওয়েস্ট ইন্ডিজকে ২-০ এবং সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে ৪-০তে উড়িয়ে দিয়েছে তারা।
তবু ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান এউইন মরগানের ধারণা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে তাদের।
তিনি বলেন, “গত দেড় বছর ঘরের মাঠে আমরা দুর্দান্ত খেলেছি। কিন্তু এই সিরিজে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কারণ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়া মানেই বিশাল চ্যালেঞ্জের সামনে পড়া।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৪০ঘ.
bdnews24