ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিছু দিন আগেও ওয়ানডে র্যাংকিংয়ে সবার ওপরে ছিল অস্ট্রেলিয়া। নামতে-নামতে এখন তাদের অবস্থান চার নম্বরে। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের বিশ্বাস, তাদের পক্ষে আবার ওয়ানডের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়া সম্ভব।
এক সময়ের মহাপরাক্রমশালী দলটি এখন সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তানের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ছাড়াও একটি ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেটি শনিবার।
তার আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওয়ানডে-শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার আকুতি ধরা পড়লো ক্লার্কের কণ্ঠে। তিনি বলেন, “গত মাসে ইংল্যান্ড ছেড়ে আসার সময়েও আমরা র্যাংকিংয়ে এক নম্বরে ছিলাম। কিন্তু এখন যেহেতু অন্য দলগুলো খেলছে, তাই আমরা চার নম্বরে নেমে গেছি।”
“আমার কাছে বিশ্বের সব জায়গায় ধারাবাহিকভাবে ভালো খেলাই সবচেয়ে বড় কথা। এবং আমি জানি, আমরা আবার এক নম্বর হতে পারবো,” যোগ করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
এবারের মধ্যপ্রাচ্য সফরে দুই প্রতিপক্ষেরও মূল্যায়ন করলেন ক্লার্ক। আফগানিস্তান সম্পর্কে তিনি বলেন, “কোনো কিছু হারানোর নেই, বরং অনেক কিছু পাওয়া সম্ভব - এমন মানসিকতা নিয়ে মাঠে নামার সুযোগ তাদের সামনে। আমার তো মনে হয় ম্যাচটায় যথেষ্ট লড়াই হবে।”
পাকিস্তান প্রসঙ্গে অবধারিতভাবে উঠে এলো স্পিন বোলিংয়ের কথা। ক্লার্ক বলেন, “এখানকার কন্ডিশনের সঙ্গে পাকিস্তান খুব ভালো ভাবে পরিচিত। এ ধরনের পিচে খেলা গড়ানোর সঙ্গে-সঙ্গে সম্ভবত বল বেশি টার্ন করে।”
আরেকটি প্রসঙ্গেও কথা বলতে হলো অস্ট্রেলিয়ার অধিনায়ককে। আরব আমিরাতের তীব্র গরম এড়াতে খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। অর্থাৎ খেলা শেষ হতে-হতে গভীর রাত।
এ ব্যাপারে ক্লার্ক ভীষণই দ্বিধাগ্রস্ত। তিনি বলেন, “সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচের পরিস্থিতি কেমন দাঁড়ায়, তা নিয়ে আমাদের কোনো ধারণাই নেই। এর আগে ওয়ানডেতে এমন পরিস্থিতির সামনে আমাদের দাঁড়াতে হয়নি।”
“আমাদের দুদলের জন্য তো বটেই, এমনকি পাকিস্তানের জন্যও এটা হবে এক কঠিন চ্যালেঞ্জ,” যোগ করেন ক্লার্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২৫৮ঘ.
bdnews24