ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে অধিনায়ক আনামুল হকের শতকের সুবাদে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
টাউন্সভিলের এন্ডেভার পার্কের দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৫ রান করে পাকিস্তান। জবাবে ৪৬ ওভার ২ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে সৌম্য সরকারের (১০) বিদায়ে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয় নি। তবে দ্বিতীয় উইকেটে লিটন দাসের (৫৩) সঙ্গে আনামুলের ১৭৯ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশকে সহজ জয়ের ভিত গড়ে দেয়।
এহসান আদিলের বলে বোল্ড হয়ে লিটন ফেরার পর বেশিক্ষণ টেকেন নি আনামুলও (১২৮)। দলীয় ২১৭ রানে মোহাম্মদ নওয়াজের বলে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে তিনি ফেরার সময় জয় বাংলাদেশের হাতের নাগালে।
আনামুলের ১১২ বলে ইনিংসে ৫টি চার ও ৮টি ছক্কা। প্রতিযোগিতায় এটি তার দ্বিতীয় শতক। ৬০.৮৩ গড়ে ৩৬৫ রান নিয়ে বাংলাদেশ দলনায়ক এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
এরপর আল-আমিন জুনিয়র (১) ও মোসাদ্দেক হোসেন জুনিয়রের (১) দ্রুত বিদায় বাংলাদেশকে অস্বস্তি¡তে ফেলে দিলেও সহ-অধিনায়ক কাজী নুরুল হাসানকে (৮*) সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন আসিফ আহমেদ (১২*)।
পাকিস্তানের পক্ষে এহসান ও নওয়াজ দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ৩৩ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে অস্বস্তি¡তে পড়ে পাকিস্তান। চতুর্থ উইকেটে ওমর ওয়াহিদের (১৭) সঙ্গে ৩১ ও ষষ্ঠ উইকেটে নওয়াজের সঙ্গে ৩৭ রানের ছোট দুটি জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন ফরাজ আলী (৪৩)।
এরপরও ৪৫ ওভার পর্যন্ত পাকিস্তানের ব্যাটসম্যানদের বেধেই রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। এ সময় দলটির স্কোর ছিল ১৬১/৬। সেখান থেকে নওয়াজ ও শহীদ ইলিয়াসের (৪৪) আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ৭৪ রান সংগ্রহ করে আড়াইশর কাছাকাছি স্কোর গড়ে দলটি।
শুরুতে ভীষণ সতর্ক ব্যাটিং করা নওয়াজ ইনিংসের শেষ বলে সাজঘরের পথ ধরার আগে করেন ৮২ রান। তার ৮৬ বলের ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা।
বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ ১০ ওভারে ৮০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২৩৭ ঘ.
bdnews24