ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাগতিক শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ফিরেছেন অজন্তা মেন্ডিস। পিঠের চোটে পড়ার আগে সর্বশেষ গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন তিনি।
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন অজন্তা মেন্ডিস। এখন পর্যন্ত সময়টা ভালোই কাটছে তার। চার ম্যাচে নয় উইকেট নিয়ে ফিরেছেন দলে।
১৫ সদস্যের দলে নতুন মুখ দুটি। এসএলপিএলে উভা নেক্সটে খেলা ব্যাটসম্যান দিলশান মুনাবীরা ও ওয়াইম্বা ইউনাইটেডের অফস্পিনার আকিলা ধনাঞ্জয়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন দলে। ৭ উইকেট নেয়া ধনাঞ্জয়ার চেয়ে মুনাবীরার কৃতিত্বটা আরো বেশি, ৩০ সদস্যের প্রাথমিক দলে না থেকেও চূড়ান্ত দলে রয়েছেন তিনি।
গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে আঙ্গুলে চোট পাওয়া কুমার সাঙ্গাকারা এবং কুঁচকিতে চোট পাওয়া নুয়ান কুলাসেকারাও রয়েছেন দলে। যদিও শেষ পর্যন্ত তারা খেলবেন কী না তা নির্ভর করছে তাদের সেরে উঠার ওপর।
পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে খেলা সামিন্দা এরাঙ্গাও রয়েছেন দলে। এসএলপিএলে চার ম্যাচে ৬৫* ও ৪৮ রানের দুুটি দারুণ ইনিংস খেলা উপুল থারাঙ্গা ছাড়া সেই ম্যাচে খেলা বাকি দল খেলোয়াড় রয়েছেন বিশ্বকাপ দলে।
দল: মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস (সহ-অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, দিলশান মুনাবীরা, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, তিলকারতেœ দিলশান, থিসেরা পেরেরা, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিস, দীনেশ চান্দিমাল, সামিন্দা এরাঙ্গা ও আকিলা ধনাঞ্জয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯১৩ ঘ.
bdnews24