২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে ড্যারেন ব্রাভো

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 08:47 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কুচকির চোটের কারণে ইংল্যান্ড সফরের মাঝপথেই দেশে ফিরে আসা ড্যারেন দর্শক হয়ে ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজেও। চোটের কারণে নিউজিল্যান্ডের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে না থাকা রাসেলও রয়েছেন বিশ্বকাপ দলে। পরিবর্তন শুধু এটুকুই, এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দলটিই খেলবে বিশ্বকাপে। অধিনায়ক ড্যারেন স্যামির ডেপুটির দায়িত্ব পেয়েছেন আরেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। প্রত্যাশিতভাবেই দলে রয়েছেন দুই আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। ফিদেল এডওয়ার্ডস, রবি রামপল ও রাসেলের সমন্বয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ স্যামি, ডোয়াইন ব্রাভো, পোলার্ড ও ডোয়াইন স্মিথের মিডিয়াম পেসেরও সহায়তা পাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচে ৭ উইকেট নেয়া অফস্পিনার সুনীল নারায়ণ নেতৃত্ব দেবেন দলটির স্পিন আক্রমণের। সেই সিরিজেই অভিষিক্ত লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি থাকছেন দ্বিতীয় স্পিনার হিসেবে। ২২ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এর আগে ১৩ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট। দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো (সহ-অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, ড্যারেন ব্রাভো, জনসন চার্লস, ফিদেল এডয়ার্ডস, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, সুনীল নারায়ণ, দীনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স ও ডোয়াইন স্মিথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৩৫ ঘ.