২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বোলিং কোচ হতে চান শোয়েব

পাকিস্তানের বোলিং কোচ হতে আগ্রহী শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার জানিয়েছেন, পিসিবি চাইলে তিনি জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বোলিং কোচ হতে আগ্রহী শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার জানিয়েছেন, পিসিবি চাইলে তিনি জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে প্রস্তুত। ডেভ হোয়াটমোরকে প্রধান কোচ ও জুলিয়ান ফন্টেইনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার পর থেকে বোলিং কোচ খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সাংবাদিকদের শোয়েব বলেন, “আমি জাতীয় দলের বোলিং কোচ হতে চাই। পিসিবি যোগাযোগ করলে আমি তাদের হয়ে কাজ করতে প্রস্তুত।” “দেশের জন্য কাজ করা সম্মানের এবং ভবিষ্যত বোলারদের সাহায্য করার মাধ্যমেই তা হতে পারে। দেশ আমাকে যা দিয়েছে তা ফিরিয়ে দেয়ার সুযোগও পাওয়া যাবে এর ফলে,” যোগ করেন তিনি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শোয়েব প্রায় ১৪ বছরের ক্যারিয়ারে ১৭৮টি টেস্ট ও ২৪৭টি ওয়ানডে উইকেট নিয়েছেন। তিনি বলেন, “জাতীয় দলের বর্তমান বোলাররা ভালো হলেও যতটা ভালোর জন্য পাকিস্তান পরিচিত ততটা নয়। আমি সব সময় শুনে এসেছি আমাদের প্রতিভার অভাব নেই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইসব প্রতিভাকে কাজে লাগানো। দুর্ভাগ্যজনকভাবে গত দেড় বছর ধরে ফাস্ট বোলিং নিয়ে আমাদের ভুগতে হচ্ছে।” এ ব্যাপারে পিসিবিকে পাকিস্তানের সর্বকালের সেরা অলরাউন্ডার ও সফলতম অধিনায়কের কাছ থেকে সাহায্য নেয়ার পরামর্শ দিয়েছেন শোয়েব। তিনি বলেন, “প্রতিভা খুঁজে বের করার দারুণ চোখ রয়েছে তার (ইমরান খান)। সময় বের পারলে এ কাজের জন্য তিনিই হবেন সবচেয়ে যোগ্য ব্যক্তি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫২ঘ.