ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেভিন পিটারসেন বিতর্ককে পেছনে ফেলে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের শততম টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের। লর্ডসে দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৬২/৭।
ভারনন ফিল্যান্ডার ৪৬ ও ডেল স্টেইন ২১ রানে ব্যাট করছেন। দুজন অষ্টম উইকেটে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।
বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। স্টিভেন ফিনের তোপের মুখে ৫৪ রানেই প্রথম চার ব্যাটসম্যানকে হারায় অতিথিরা।
পঞ্চম উইকেটে এবি ডি ভিলিয়ার্সের (২৭) সঙ্গে জ্যাক রুডলফের ৫১ রানে জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। দলীয় ১০৫ রানে জেমস অ্যান্ডারসনের বলে অ্যালিস্টার কুকের হাতে ক্যাচ দিয়ে ডি ভিলিয়ার্স সাজঘরের পথ ধরলে বড় একটা ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা।
ষষ্ঠ উইকেটে জেপি ডুমিনির সঙ্গে ৫৮ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে সাজঘরের পথ ধরেন রুডলফও (৪২)। অতিথিদের দুশ পেরুনো নিয়েই যখন শঙ্কা সে সময় সপ্তম উইকেটে ফিল্যান্ডের সঙ্গে ৭২ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তুলেন ডুমিনি।
দ্বিতীয় নতুন বলে ডুমিনিকে (৬১) ম্যাট প্রায়রের ক্যাচ বানিয়ে ইংল্যান্ডের জন্য বিপদজনক হয়ে উঠা জুটি ভাঙ্গেন অ্যান্ডারসন। ডুমিনির ১৫৮ বলের ইনিংসে ৬টি চার।
ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন ও ফিন ৩টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৬২/৭ (স্মিথ ১৪, পিটারসেন ২২, আমলা ১৩, ক্যালিস ৩, ভিলিয়ার্স ২৭, রুডলফ ৪২, ডুমিনি ৬১, ফিল্যান্ডার ৪৬*, স্টেইন ২১*; অ্যান্ডারসন ৩/৫৮, ফিন ৩/৬৮, সোয়ান ১/৫৩)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫০ ঘ.
bdnews24