ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) একমাত্র ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে উথুরা রুদ্রাসকে ৩৫ রানে হারিয়েছে রুহানা রয়্যালস।
রুহানার ইনিংসের ১৪ ওভার ৩ বলের মাথায় বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৬ ওভারে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৪৫ রান করে রুহানা। জয়ের জন্য উথুরার লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রান। কিন্তু ১৫ ওভার ৫ বলে ১১৮ রানেই অলআউট হয়ে যায় দলটি।
লক্ষ্য তাড়া করতে নেমে রুহানার বোলারদের মারাত্মক বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় উথুরা। সর্বোচ্চ ৩২ রান আসে ফারভিজ মাহরুফের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক জিহান মুবারক করেন ২৮ রান।
২১ রানে ৪ উইকেট অধিনায়ক লাসিথ মালিঙ্গার রুহাানার সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ১০ ওভার ৫ বলে জিয়ান রুপাসিংহের (৫০) সঙ্গে অ্যারন ফিঞ্চের ৯৭ রানের উদ্বোধনী জুটি রুহানাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দ্বিতীয় উইকেটে চামারা সিলভার (১৯) সঙ্গে তার ৪০ রানের আরেকটি কার্যকর জুটি রুহানাকে নিয়ে যায় দেড়শর কাছাকাছি।
ইনিংসের শেষ বলে সাজঘরের পথ ধরার আগে ৬৫ রান করেন ফিঞ্চ। তার ৪৮ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৪০ ঘ.
bdnews24