২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া, পাকিস্তানের বড় জয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ পাকিস্তান। অস্ট্রেলিয়া ২১২ রানে নেপালকে ও পাকিস্তান ৯ উইকেটে স্কটল্যান্ডকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ পাকিস্তান। অস্ট্রেলিয়া ২১২ রানে নেপালকে ও পাকিস্তান ৯ উইকেটে স্কটল্যান্ডকে হারিয়েছে। অস্ট্রেলিয়া-নেপাল টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ক্যামেরন বানক্রফটের শতকের সুবাদে ৭ উইকেটে ২৯৪ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে কার্টিস প্যাটারসনের (৮৬) সঙ্গে বানক্রফটের ১৬০ রানের জুটি স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দলীয় ২৫১রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১২৫ রান করেন ম্যাচ সেরা বানক্রফট। তার ১৩৯ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ ওভার ৫ বলে ৮২ রানে অলআউট হয়ে যায় নেপাল। সর্বোচ্চ ২২ রান আসে সাগর পানের ব্যাট থেকে। ২৮ রানে ৪ উইকেট নিয়ে অ্যশটন টার্নার অস্ট্রেলিয়ার সেরা বোলার। তবে চতুর্থ ওভারের শেষ দুই বলে এবং ষষ্ঠ ওভারের প্রথম বলে টানা তিন উইকেট নিয়ে প্রতিযোগিতার প্রথম হ্যাটট্রিক করা হ্যারি কনওয়ের (৩/১৫) অবদানও কম নয়। পাকিস্তান-স্কটল্যান্ড বুডেরিমের কেভ হ্যাকনি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২০০ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। সর্বোচ্চ ৫৯ রান আসে রস ম্যাকলেনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান ফ্রেডি কোলম্যানের। ২০ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ নওয়াজ। লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক বাবর আজমের অপরাজিত শতকের সুবাদে ৩৬ ওভার ২ বলে ১ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। সামি আসলামের (৭৮) সঙ্গে আজমের ১৬৩ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে সহজ জয় এনে দেয়। ম্যাচ সেরা আজম অপরাজিত থাকেন ১০৬ রানে। তার ১২১ বলের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫৩৭ ঘ.