ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববারের দ্বিতীয় ম্যাচে উভা নেক্সটের কাছে ৮ উইকেটে হেরেছে বাসনাহিরা ক্রিকেট ডান্ডি।
সোমবার দিনের একমাত্র ম্যাচে খেলবে নাগেনাহিরা নাগাস-কান্দুরাতা ওয়ারিয়র্স।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৬ রান করে বাসনাহিরা। জবাবে ১৮ ওভার ২ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় উভা।
লক্ষ্য তাড়া করতে নেমে দিলশান মুনাবিরার (২১) সঙ্গে ৩১ ও ভানুকা রাজাপাকসের (১৯) সঙ্গে ২৯ রানের দুটি ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে উভাকে জয়ের ভিত গড়ে দেন উপুল থারাঙ্গা (৬৫*)। তৃতীয় উইকেটে শোয়েব মালিকের (৩১*) সঙ্গে তার ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয় এনে দেয়।
এর আগে তিলকারতেœ দিলশানের ৫৬ ও জীবন মেন্ডিসের ৩৪ রানের দুটি ইনিংসের সৌজন্য বড় সংগ্রহের ভিত গড়ে বাসনাহিরা। কিন্তু শেষ দিকে দিলহারা ফার্নান্দোর তোপের মুখে দেড়শ পেরুনোর আগেই থেমে যায় দলটির ইনিংস।
১৭ রানে ৫ উইকেট নিয়ে ফার্নান্দোই উভার সেরা বোলার। এছাড়া জ্যাকব ওরাম ১৬ রানে নেন ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৭ ঘ.
bdnews24