ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে থেকে অবসর নিয়েছেন কয়েক মাস আগে। এবার অসময়ে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ১৬ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টই হতে পারে তার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
১৪৯ রানের দুর্দান্ত ইনিংস এবং দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নেয়ার সুবাদে সোমবার শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরার পুরস্কার পান পিটারসেন। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সবাইকে হতবাক করে দেন তিনি। ৩২ বছর বয়সী এই আক্রমণাত্মক ব্যাটসম্যান বলেন, “আগামী টেস্ট যে আমার জীবনেরও শেষ টেস্ট হবে না, সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।”
ওয়ানডে থেকে অবসর নিলেও আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন ক্রিকেট-বিশ্বে ‘কেপি’ নামে পরিচিত পিটারসেন। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়মানুযায়ী, সীমিত ওভারের এক ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া খেলোয়াড়কে অন্য ধরনের ক্রিকেটের জন্য বিবেচনা করা হয় না। তাই দুই বছর আগে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কের শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পরের ম্যাচ শেষে আমি এ ব্যাপারে (অবসর) কথা বলবো। ইংল্যান্ডের হয়ে খেলা আমার জন্য ভীষণ কঠিন হয়ে পড়ছে।”
“তবে এখানে অর্থ সংক্রান্ত কোনো বিষয় নেই। বেশ কিছু স্বচ্ছ বিষয় নিয়েই আমি আলোচনা করবো। আরো কিছু বিষয়ের সমাধান করাও দরকার। তবে আজ (সোমবার) রাতে নয়, খুব শিগগিরই সবাই সব কিছু জানতে পারবেন,” যোগ করেন পিটারসেন।
তিনি আরো বলেন, “আমার জন্য সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, দর্শকরা আমার ব্যাটিং দেখতে ভালোবাসেন। আর আমিও ইংল্যান্ডের হয়ে খেলতে ভালোবাসি।”
দর্শকরা যে তার ব্যাটিং দেখা েেক বঞ্চিত হতে যাচ্ছেন, তা অবশ্য সরাসরি উল্লেখ করেননি ওয়ালি হ্যামন্ড, কলিন কাউড্রে ও জিওফ বয়কটের পর ইংল্যান্ডের পক্ষে চর্তু সর্বোচ্চ টেস্ট শতকের মালিক ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০০ঘ.
bdnews24