ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলতে রোববার দেশ ছেড়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও অলরাউন্ডার নাসির হোসেন।
এসএলপিএলে খেলার অভিজ্ঞতা সেপ্টেম্বর-অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করেন এই টুর্নামেন্টে নাগিনাহিরা নাগাস দলের সদস্য নাসির। তিনি বলেন, “চেষ্টা করবো ভালো খেলে জাতীয় দলে জায়গা করে নেয়ার। শ্রীলঙ্কাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আশা করি এসএলপিএলে খেলার অভিজ্ঞতা তখন কাজে লাগবে।”
এদিকে ফ্র্যাঞ্চাইজির সেরা ১৮ জনের মধ্যে না থাকায় শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না ইলিয়াস সানির। আগেই ফিজিওর পরামর্শে এসএলপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাঁ হাটুর চোটে আক্রান্ত সাকিব আল হাসান।
আর বিমানের টিকেট পেলে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন তামিম ইকবাল। দুয়েক দিনের মধ্যেই তার রওনা দেয়ার কথা।
এসএলপিএলের ক্রিকেটারদের ২৫ অগাস্টের মধ্যে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে বলেছে বিসিবি। শ্রীলঙ্কা ক্রিকেট অবশ্য টুর্নামেন্টের পুরোটাই অর্থাৎ ৩১ অগাস্ট পর্যন্ত মুশফিক-তামিমদের ছাড় দেয়ার অনুরোধ জানিয়েছে বিসিবির কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৪ঘ.
bdnews24