২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা চলছেই অনূর্ধ্ব-১৯ দলের

১১ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে ভালোই দুশ্চিন্তায় বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় ও শেষ অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বোলারদের নৈপুণ্যে পাপুয়া নিউগিনিকে ১২৯ রানে হারালেও বাংলাদেশের তরুণদের ব্যাটিং-অনুশীলন একদমই ভালো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১১ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে ভালোই দুশ্চিন্তায় বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় ও শেষ অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বোলারদের নৈপুণ্যে পাপুয়া নিউগিনিকে ১২৯ রানে হারালেও বাংলাদেশের তরুণদের ব্যাটিং-অনুশীলন একদমই ভালো হয়নি। নবম উইকেটে শতরানের জুটির সৌজন্যে মুখরক্ষা হয়েছে আনামুল হকের দলের। ব্রিসবেনের ক্যালাউন্ড্রা ক্রিকেট ক্লাব মাঠে ৪৯ ওভারে ২৩৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩৭ ওভারে ১০৬ রানে শেষ হয়ে যায় পাপুয়া নিউগিনির ইনিংস। লিটন কুমার দাশের (২২) সঙ্গে সৌম্য সরকারের (৩০) ৪৫ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে দেখেশুনেই খেলছিলেন সৌম্য ও অধিনায়ক আনামুল হক। এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ৭০/১। দলীয় ৭০ রানে সৌম্যর বিদায়ের মাধ্যমে বাংলাদেশের বিপর্যয়ের শুরু। ৭৪ রানে আনামুল (১৩), আসিফ আহমেদ রাতুল (০) ও মোসাদ্দেক হোসেন (০) বিদায় নিলে বিপদে পড়ে যায় তারা। ষষ্ঠ উইকেটে নাসুম আহমেদ (২৩) ও আল আমিন জুনিয়রের (৭) ২৬ রানের জুটি পর আবার বাংলাদেশ বিপর্যস্ত। ৮ রানের ব্যবধানে আউট হয়ে যান নাসুম, আল আমিন ও নুর হোসেন মুন্না (৪)। শেষ পর্যন্ত নবম উইকেটে সহ-অধিনায়ক কাজী নুরুল হাসানের (৫০) সঙ্গে নাঈম ইসলাম জুনিয়রের ১১০ রানের জুটি খাদের কিনারা থেকে টেনে তোলে অনূর্ধ্ব-১৯ দলকে। ৬০ রানে অপরাজিত নাঈমের ৮৬ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছক্কা। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন বোলাররা। বিশেষ করে নাসুম। মাত্র ৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে দলকে সহজ জয় এনে দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২৪ঘ.