ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার নতুন বোলিং কোচ নির্বাচিত হয়েছেন আলি ডি উইন্টার।
শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে তাসমানিয়ার সাবেক এই পেসারের নাম ঘোষণা করা হয়।
ক্রেইগ ম্যাকডারমটের স্থলাভিষিক্ত হবেন ডি উইন্টার। পরিবারকে আরো বেশি সময় দেয়ার জন্য মে মাসে পদত্যাগ করেছিলেন ম্যাকডারমট।
ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফম্যান্স জেনারেল ম্যানেজার প্যাট হোয়ার্ড বলেন, “আন্তর্জাতিক অনেক প্রার্থীদের হারিয়েই এই পদে আসীন হয়েছেন ডি উইন্টার, যাদের মধ্যে পাকিস্তানের সাবেক কোচ ও তারকা পেসার ওয়াকার ইউনুসও ছিলেন।”
বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেনস-এর বর্তমান কোচ ডি উইন্টার বলেন, “এই সুযোগ পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। বিশেষ করে এখন অস্ট্রেলিয়া দ্রুতগতির বোলারে সমৃদ্ধ। এ মুহূর্তে আরো ১০ থেকে ১২ জন তরুণ বোলার উঠে আসছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এসইউ/২১২৭ ঘ.
bdnews24