ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন বীরেন্দর শেবাগ। ১১ অগাস্ট থেকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে শুরু হবে এই টুর্নামেন্ট।
ভারতের আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “অনূর্ধ্ব ১৯ বা উদীয়মান দল কোনো ব্যাপার নয়। এই পর্যায়ে (অনূর্ধ্ব-১৯) আন্তর্জাতিক দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ যে কারো আত্মবিশ্বাস বাড়াবেই।”
“সব শিশুরই একটা স্বপ্ন থাকে। ছেলেবেলায় আমার স্বপ্ন ছিলো দেশের হয়ে খেলা। ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুযোগটা পেয়েছিলাম আমি। আর কঠোর পরিশ্রমের সুবাদে ঐ টুর্নামেন্টে ভালো করার ফলে সর্বোচ্চ পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করার লক্ষ্যও পূরণ হয়েছিলো শেষ পর্যন্ত,” যোগ করেন শেবাগ।
তিনি আরো বলেন, “আমার মনে হয় এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং পরবর্তীতে প্রথম শ্রেণীর ক্রিকেটে যে ভালো করতে পারবে, সে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপেও খেলার সুযোগ পাবে।”
“তাই এগিয়ে যাও এবং নিজের সেরাটা দাও। সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করো। দেশের জন্য বিশ্বকাপ জেতার চেষ্টা করো,” তরুণ ক্রিকেটারদের প্রতি শেবাগের উপদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২২৪ঘ.
bdnews24