ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার অধিনায়কের বিশ্বাস, শহীদ আফ্রিদি, ক্রিস গেইলের মতো তারকাদের সঙ্গে একই ক্লাবে খেলার সুযোগ তার ক্রিকেট-জীবনকে আরো সমৃদ্ধ করবে।
ক্লার্কের জন্ম সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপশহর লিভারপুলে। সিডনি থান্ডার তারই কাছাকাছি ক্লাব। শেকড়ের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়ে ক্লার্ক আনন্দিত।
অস্ট্রেলিয়ার ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকাকে তিনি বলেন, “সিডনি থান্ডারের হয়ে খেলাটা হবে আমার জন্য একটা দারুণ সুযোগ। এই দলের শেকড় সিডনির পশ্চিমাঞ্চলীয় উপশহরে প্রোথিত।”
“বিগ ব্যাশে খেলার কথা ভেবেও আমি উচ্ছ্বসিত। বিশেষ করে সিডনির অন্য দলের বিপক্ষে খেলার সময় রোমাঞ্চ বোধ করবোই। ক্রিস গেইল, শহীদ আফ্রিদির মতো টি-টোয়েন্টি তারকাদের সঙ্গে শুধু আমি একাই নই, সিডনির পশ্চিমের তরুণ ক্রিকেটাররাও খেলার সুযোগ পাবে। যা আমাদের সবাইকে দারুণ উপকৃত করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩০০ঘ.
bdnews24