ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজাতে ও ক্রিকেট প্রশাসনের উন্নয়নের লক্ষ্যে আইসিসির সাবেক প্রধান নির্বাহী হারুন লরগাতকে বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২০১২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এসএলসির সঙ্গে কাজ করবেন তিনি।
এসএলসি সভাপতি উপালি ধর্মদাসা বলেন, “লরগাত অভিজ্ঞ এবং জ্ঞানী। তিনি আমাদের ক্রিকেট প্রশাসন ও পরিচালনার উন্নয়নে কাজ করতে রাজি হওয়ায় আমরা আনন্দিত।”
গত জুনে মেয়াদ শেষ হওয়ার আগে আইসিসির প্রধান নির্বাহী হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন লরগাত। দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাচক ও ২০০৩ বিশ্বকাপে অর্থ ও সাংগঠনিক কমিটিতেও ছিলেন তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেট এখন আর্থিক সমস্যায় জর্জরিত। গত ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন স্টেডিয়াম নির্মাণ ও পুরনো স্টেডিয়ামগুলোর সংস্কারের কারণে প্রায় ৭ কোটি মার্কিন ডলার ঋণের বোঝা তাদের ওপরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০১ঘ.
bdnews24