২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এন্টিগা টেস্টে ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩৫১ রানে অলআউট করা স্বাগতিকরা এখনো ২০৬ রানে পিছিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 04:22 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩৫১ রানে অলআউট করা স্বাগতিকরা এখনো ২০৬ রানে পিছিয়ে। দেড় বছরেরও বেশি সময় পরে টেস্ট খেলতে নেমে øায়ু চাপে ভুগতে কিংবা সতর্ক থাকতে দেখা যায়নি বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলকে। ক্রিস মার্টিনের করা প্রথম ওভারের শেষ চার বলে চার মেরে উদযাপন করেন টেস্টে ফেরা। উদ্বোধনী জুটিতে কাইরন পাওয়েলের (৫৮*) সঙ্গে এরই মধ্যে ১৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন গেইল (৮৫*)। গেইলের ১২৪ বলের ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কা। নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সুযোগ নষ্ট না করলে দিনটি হতে পারতো অতিথিদেরও। নেলি ওয়েগনারের করা নবম ওভারের শেষ বলে মার্টিন গাপটিলের হাতে জীবন পান পাওয়েল। তখন তিনি ৭ রানে ব্যাট করছিলেন। ডুগ ব্রেসওয়েলের করা পরের ওভারের প্রথম বলেই ড্যানিয়েল ফ্লিন হাতছাড়া করেন ৩৬ রানে থাকা গেইলকে সাজঘরে পাঠানোর সুযোগ। ২০৬ রানে পিছিয়ে থাকলেও এন্টিগা টেস্টে চালকের আসনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতে বোলার ও শেষ বেলায় ব্যাটসম্যানদের দাপটে তাদের এই অবস্থান। এর আগে ৪ উইকেটে ২৩২ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। মাত্র ১ রান যোগ করেই ওয়েগনার বিদায় নিলে দিনের শুরুটা মোটেও ভালো হয়নি অতিথিদের। কেন উইলিয়ামসনের (১৯) সঙ্গে সঙ্গে ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন ডিন ব্রাউনলি। কেমার রোচের বলে উইলিয়ামসন বোল্ড হয়ে সাজঘরে ফেরার ৮ রান পরেই তাকে অনুসরণ করেন ব্রাউনলি (২৩)। রবি রামপলের বলে উইকেটরক্ষক দীনেশ রামদিনকে ক্যাচ দেন তিনি। দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান যোগ করে নিউজিল্যান্ড। মধ্যাহ্ন বিরতির পর ড্যানিয়েল ভেট্টরি (১৭) ও ক্রুগার ভ্যান উইকের (১১) দ্রুত বিদায় নিলেও স্বাগতিকদের অপেক্ষায় রাখেন ব্রেসওয়েল (৩৯)। শেষ উইকেটে মার্টিনের সঙ্গে তার গড়া ৪২ রানের জুটির সৌজন্যে সাড়ে তিনশ পেরোয় অতিথিদের সংগ্রহ। ১৩২ রানে ৫ উইকেট নিয়ে সুনীল নারায়ণ ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। টেস্টে কোনো ইনিংসে এই প্রথম ৫ উইকেট নিলেন অফস্পিনার সুনীল। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ৩৫১ (ফ্লিন ৪৫, গাপটিল ৯৭, ম্যাককালাম ২৫, টেলর ৪৫, ওয়েগনার ৪, উইলিয়ামসন ১৯, ব্রাউনলি ২৩, ভ্যান উইক ১১, ভেট্টরি ১৭, ব্রেসওয়েল ৩৯, মার্টিন ৪*; সুনীল ৫/১৩২, রামপল ২/৪৪, রোচ ২/৫৫, স্যামি ১/৭৬) ওয়েস্ট ইন্ডিজ: ১৪৫/০ (গেইল ৮৫*, পাওয়েল ৫৮*; উইলিয়ামসন ০/১২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯০০ ঘ.