ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপ সফরে চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়, নেদারল্যান্ডসের দি হেগে।
স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেললেও এর আগে কখনো টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ।
তিনটি ওয়ানডেতেই স্কটিশদের হারানো বাংলাদেশের লক্ষ্য ইউরোপ সফরে সবগুলো ম্যাচ জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস, ভারসাম্য ও জয়ের অভ্যাস ধরে রাখা।
আয়ারল্যান্ডকে তাদের মাটিতে তিনটি ম্যাচেই হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে চতুর্থ স্থানে উঠে আসা মুশফিকুর রহিমের দল এখন দারুণ উজ্জীবিত। ঐ তিন ম্যাচে দলের পারফরম্যান্সে কোচ রিচার্ড পাইবাসও সন্তুষ্ট।
তিনি বলেন, “আমাদের স্পিনাররা আয়ারল্যান্ডে খুব ভালো বল করেছে। শুরুতে তেমন ভালো না করলেও শেষের দিকে পেসাররাও ভালো করেছে।”
“আমাদের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী এবং এর গভীরতাও যথেষ্ট। শুধু ছোট-খাটো কিছু সমস্যা নিয়ে বিশ্বকাপের আগে আমাদের কাজ করতে হবে,” যোগ করেন পাইবাস।
অন্য দিকে এ বছর কোনো টেস্ট দলের মুখোমুখি হওয়ার একমাত্র সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত স্কটল্যান্ডের কোচ পিটার স্টেইনডেল। তিনি বলেন, “বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রমাণের জন্য স্কটল্যান্ড মুখিয়ে আছে। চলতি বছর আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে খেলার এটাই আমাদের একমাত্র সুযোগ।”
“এই গ্রীষ্মে এটাই আমাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পুরো ৪০ ওভার খেলা সম্ভব হলে ভালো পারফরম্যান্সের ব্যাপারে আমি আশাবাদী,” যোগ করেন স্টেইনডেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৬ঘ.
bdnews24