২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকের শতকে প্রথম দিন ইংল্যান্ডের

অ্যালিস্টার কুকের অপরাজিত শতকের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাসিল ডি’অলিভেরিয়া ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের। দিন শেষে ৩ উইকেটে ২৬৭ রান করে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 05:53 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যালিস্টার কুকের অপরাজিত শতকের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাসিল ডি’অলিভেরিয়া ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের। দিন শেষে ৩ উইকেটে ২৬৭ রান করে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা। কুক ১১৪ ও ইয়ান বেল ১০ রানে ব্যাট করছেন। চতুর্থ উইকেটে তারা এ পর্যন্ত ১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। এটি কুকের বিশতম শতক। তার ২৮৩ বলের ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা। লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে রানের খাতা খুলার আগেই অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের বিদায়ে ইংল্যান্ডের শুরুটা ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের সঙ্গে কুকের ১৭০ রানের বড় জুটি ধাক্কা সামাল দিয়ে স্বাগতিকদের চালকের আসনে নিয়ে আসে। ১৯৭২ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো টেস্টে রানের খাতা খুলার আগেই উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে একশ রানের জুটি গড়লো ইংল্যান্ড। ১৬২ বলে ৯টি চারের সাহায্যে ৭১ রান করা ট্রটকে ফিরিয়ে দিয়ে অতিথিদের দিনের দ্বিতীয় সাফল্য এনে দেন মর্নে মরকেল। তৃতীয় উইকেটে কেভিন পিটারসেনের (৪২) সঙ্গে ৮১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন কুক। জ্যাক ক্যালিসের খাটো লেন্থের বল পুল করতে গিয়ে এবি ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন পিটারসেন। ৪৪ রানে ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার মরকেল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর খেলা শুরু হয়। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ২৬৭/৩ (স্মিথ ০, কুক ১১৪*, ট্রট ৭১, পিটারসেন ৪২, বেল ১০*; মরকেল ২/৪৪, ক্যালিস ১/৩৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫১ ঘ.