২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট র‌্যাংকিংয়ের শ্রেষ্ঠত্বের লড়াই

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের সামনে এখন কঠিন পরীক্ষা। বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরে গেলে দক্ষিণ আফ্রিকার কাছে শীর্ষস্থান হারাবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 05:50 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের সামনে এখন কঠিন পরীক্ষা। বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরে গেলে দক্ষিণ আফ্রিকার কাছে শীর্ষস্থান হারাবে তারা। শক্তির বিচারে দুই দলের তেমন পার্থক্য নেই। ডেল স্টেইন-মর্নে মরকেলের ভয়ঙ্কর জুটির সঙ্গে অভিষেকের পর থেকেই দারুণ ছন্দে থাকা ভারনন ফিল্যান্ডারকে নিয়ে গড়া দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ যে কোনো ব্যাটসম্যানের মনে আতঙ্ক ছড়াতে পারে। তেমনি ইংল্যান্ডের তিন পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড আর স্টিভেন ফিনও প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন। ইংল্যান্ডের যেমন আছে গ্রায়েম সোয়ানের মতো কার্যকর অফস্পিনার, তেমনি দক্ষিণ আফ্রিকার সুযোগ্য লেগস্পিনার ইমরান তাহির। ব্যাটিংয়ে অবশ্য স্বাগতিকদের এগিয়ে না রেখে উপায় নেই। ছয় নম্বরে নড়বড়ে জনি বেয়ারস্টোকে বাদ দিয়ে ছন্দে থাকা রবি বোপারাকে ফিরিয়ে এনেছে ইংল্যান্ড। অন্যদিকে চোখে চোট পেয়ে মার্ক বাউচারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর অতিথিদের কিছুটা হলেও চাপের মধ্যে ফেলে দিয়েছে। বাউচারের বদলে উইকেটের পেছনে দাঁড়াতে যাওয়া এবি ডি ভিলিয়ার্সের সামনে এখন আক্ষরিক অর্থেই অগ্নিপরীক্ষা। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার জ্যাক ক্যালিস ইংল্যান্ডে যেন নিজের ছায়া হয়ে থাকেন। ইংল্যান্ডের মাটিতে টেস্টে তার ব্যাটিং গড় ক্যারিয়ার গড়ের প্রায় অর্ধেক। এবার তাই ভালো করতে দৃঢ় প্রতিজ্ঞ সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথও সিরিজ জয়ের জন্য ক্যালিসের দিকে তাকিয়ে। ব্যক্তিগতভাবে দারুণ এক অর্জনের সামনে দাঁড়িয়ে আছেন স্মিথ। ওভালে শততম টেস্ট খেলতে নামছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৪৮ঘ.