ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেভিন পিটারসেনকে বাইরে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার ৩০ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত মে মাসে ওয়ানডে থেকে অবসর নেন ৩২ বছর বয়সী পিটারসেন। তবে টি-টোয়েন্টিতে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।
কিন্তু ইসিবির নির্বাচন নীতিমালা অনুযায়ী, কেউ সীমিত ওভারের এক ধরনের ক্রিকেট থেকে অবসর নিলে অন্য ধরনের ক্রিকেটেও তাকে বিবেচনা করা হয় না।
তাই সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না ক্রিকেট বিশ্বে ‘কেপি’ নামে পরিচিত পিটারসেনের। যদিও তার দুর্দান্ত নৈপুণ্যেই দুই বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিলো। ঐ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫২ঘ.
bdnews24