২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে সাফল্যের সন্ধানে বাংলাদেশ

বেলফাস্টে বাংলাদেশ সময় রাত দশটায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুদল। অনীক মিশকাতের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

অনীক মিশকাত ক্রীড়া প্রতিবেদক ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তেমন সাফল্য নেই, বিশেষ করে দেশের বাইরে। তবে সা¤প্রতিক সময়ের বেশ কিছু অর্জন আইরিশদের বিপক্ষে তাদেরই মাটিতে ভালো করার আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে। বুধবার বেলফাস্টে বাংলাদেশ সময় রাত দশটায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুদল। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি এবং স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে একটি করে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশ কখনোই আয়ারল্যান্ডের কাছে হারেনি। তবে দেশের বাইরে যে তাদের সঙ্গে তেমন সাফল্য নেই, তা স্বীকার করতে দ্বিধা নেই মুশফিকের । তিনি বলেন, “দেশের বাইরে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা তেমন ভালো খেলি না। তবে বেশ কয়েক বছর ধরে এক সঙ্গে খেলছি বলে আগের চেয়ে আমাদের দলটি এখন অনেক বেশি শক্তিশালী।” “আমাদের লক্ষ্য সিরিজ জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা একটি ধারাবাহিক, ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী দলে পরিণত হতে চাই,” যোগ করেন জাতীয় দলের অধিনায়ক। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হেরে গেলেও শেষ দুই ম্যাচের জয় আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে মুশফিকদের। সোমবার দুটি প্রস্তুতি ম্যাচেই জয় মনোবল বাড়িয়ে দিয়েছে আরো। বাংলাদেশের জন্য সুখবর, তামিম ইকবালের সঙ্গে মোহাম্মদ আশরাফুলের উদ্বোধনী জুটির সাফল্য। জিম্বাবুয়ে সফরে কয়েকটি ভালো ইনিংস এসেছে আশরাফুলের ব্যাট থেকে। সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অর্ধশতকও করেছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রত্যাবর্তনেও বাংলাদেশ উজ্জীবিত। সাকিব, আব্দুর রাজ্জাক ও ইলিয়াস সানিকে নিয়ে গড়া স্পিন-আক্রমণ আইরিশ ব্যাটসম্যানদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। মাশরাফি বিন মুতর্জার উপস্থিতিও মুশফিকের দলকে অনুপ্রাণিত করছে দারুণভাবে। সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেয়া মাশরাফিই বাংলাদেশের সহজ জয়ের অন্যতম নায়ক। চোট কাটিয়ে ফেরা আরেক পেসার শফিউল ইসলামও সাহস যোগাচ্ছেন দলকে। এর আগে টি-টোয়েন্টিতে মাত্র এক বারই দেখা হয়েছিলো দু দলের। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হেরেই গ্র“প পর্ব থেকে বিদায় নিতে হয়েছিলো বাংলাদেশকে। ঐ ম্যাচের স্মৃতি স্বাগতিকদের আশাবাদী করে তুললেও মুশফিক জানিয়ে দিয়েছেন, বেলফাস্টের জন্য তারা প্রস্তুত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৪ঘ.