২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন পিটারসেন

ওয়ানডে ক্রিকেটে ফেরা নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা করছেন কেভিন পিটারসেন। আলোচনা সফল হলে টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা যেতে পারে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে ক্রিকেটে ফেরা নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা করছেন কেভিন পিটারসেন। আলোচনা সফল হলে টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা যেতে পারে তাকে। শ্রীলঙ্কায় সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের নির্বাচকরা বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। এরই ফাঁকে এ সপ্তাহে ইসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন পিটারসেনের প্রতিনিধি। প্রাথমিক দল ঘোষণা করার জন্য শুক্রবার সভায় বসবেন ইংল্যান্ডের নির্বাচকরা। ১৫ সদস্যের মূল দল ঘোষণা করার শেষ সময়সীমা ১৭ অগাস্ট। মাস দেড়েক আগে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত পিটারসেন। তবে কয়েক দিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা প্রকাশ করেন ক্রিকেট-বিশ্বে ‘কেপি’ নামে পরিচিত এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। ইসিবির নিয়মানুযায়ী সীমিত ওভারের ক্রিকেটের একটি ফরম্যাট থেকে অবসর নিলে অন্য ফরম্যাটের জন্য ঐ ক্রিকেটারকে বিবেচনা করা হয় না। তাই পিটারসেনের জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে খেলার সুযোগ আপাতত বন্ধ। এর আগে ওয়ানডেতে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন পিটারসেন। সেই সঙ্গে তিনি আশা করেছিলেন, তার টি-টোয়েন্টি খেলা নিশ্চিত করতে ইসিবি কোনো সমঝোতামূলক সূত্র খুঁজে বের করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৮ঘ.