সিডনি, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেশ কিছু বিদেশি খেলোয়াড়ের বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরগুলোয় না খেলার জন্য ক্রিকেটারদের পরামর্শ দিতে যাচ্ছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)।
ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠনটি বুধবার এ কথা জানায়।
ফিকার দাবি অনুযায়ী কমপক্ষে ১২জন বিদেশি ক্রিকেটার তাদের পুরো পারিশ্রমিক বুঝে পাননি, যার পরিমাণ ৬ লাখ ডলারের ওপরে।
ফিকার প্রধান নির্বাহী টিম মে বলেন, “ফ্যাঞ্চাইজিগুলো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত আড়াই মাস ধরে চুক্তি ভঙ্গ করে যাচ্ছে। আমরা পাওনা মিটিয়ে ফেলার জন্য তাদের অনেক সুযোগ দিয়েছি। কিন্তু তারা কেবল ফাঁকা বুলি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেই চলছে।”
“ফিকা তাই বাংলাদেশের ভেতরের ও বাইরের সব খেলোয়াড়কে আগামী টুর্নামেন্টগুলো না খেলার জন্য জোরালো আহ্বান জানাতে যাচ্ছে।”
বিপিএলের পরবর্তী আসর বসবে ফেব্র“য়ারিতে।
মে জানান, বিসিবি গত মাসে প্রতিশ্র“তি দিয়েছিল, কোনো ক্রিকেটারের পারিশ্রমিক বাকি থাকলে তা তারা প্রয়োজনে নিজেদের পকেট থেকে পরিশোধ করবে।
বিপিএলের সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর টিম মের দাবি উড়িয়ে দিয়ে জানান, মাত্র ৭০ হাজার ডলার বকেয়া আছে। এটাও আছে কেবল খেলোয়াড়দের ইনজুরি ও বোনাস পাওনা নিয়ে বিরোধের কারণে।
তিনি বলেন, “আমরা মারলন স্যামুয়েলসের পাওনা এক লাখ ৭০ হাজার ডলার গত মাসে পাঠিয়েছি। কিন্তু তা তিনি যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন তা থেকে অর্থ ফেরত আসছে।”
আর নিউজিল্যান্ডের ক্রিকেটার স্টট টাইরিসের অর্থ ভুল করে আরেক খেলোয়াড়ের অ্যাকাউন্টে চলে গেছে বলে তিনি জানান।
“খুবই অল্প পরিমাণ পারিশ্রমিক বকেয়া আছে। তাই বিপিএল বয়কট করতে আহ্বান জানানোটা দুর্ভাগ্যজনক।”
ক্রিকেটারদের বেশিরভাগ সংস্থা নিয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ফিকা জানিয়েছে, তারা বিসিবি ও ফ্রাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ক্রিকেটারদের সহায়তা করবে।
বিপিএল - এর পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া নিয়ে টিম মে বলেন, “ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়ার প্রক্রিয়াটা তামাশায় পরিণত হয়েছে। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বিসিবি এ বিষয়টি সামলাতে চরম অপেশাদারিত্বেও পরিচয় দিয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭৫০ ঘ.
bdnews24