২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতেও বাংলাদেশের পক্ষে ভালো করা সম্ভব: পাইবাস

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে। তবে নিয়মিত খেলার সুযোগ পেলে কয়েক বছরের মধ্যে টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অন্যতম শক্তিশালী দলে পরিণত হবে বলে মনে করেন জাতীয় দলের কোচ রিচার্ড পাইবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে। তবে নিয়মিত খেলার সুযোগ পেলে কয়েক বছরের মধ্যে টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অন্যতম শক্তিশালী দলে পরিণত হবে বলে মনে করেন জাতীয় দলের কোচ রিচার্ড পাইবাস। আয়ারল্যান্ড সফর উপলক্ষে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাইবাস বলেন, “গত বছর বাংলাদেশ মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলো। আর এ বছর এখন পর্যন্ত খেলেছে চারটি।” “যত বেশি ম্যাচ খেলবে, ক্রিকেটাররা তত বেশি শিখতে পারবে। সঠিক সমন্বয় ও পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করা ও তার বাস্তবায়নও সহজ হয়ে উঠবে। তার ফলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়ে উঠতেও সমস্যা হবে না,” যোগ করেন তিনি। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশ এখনো ‘ব্যালান্সড’ দল নয়। এ প্রসঙ্গে জানতে চাইলে পাইবাস বলেন, “দলে কিছু জায়গায় তো ঘাটতি আছেই। এগুলো যত দ্রুত সম্ভব পূরণ করতে হবে।” “প্রত্যেক খেলোয়াড়ের অন্তত ৪/৫ জন প্রতিদ্বন্দ্বী থাকা দরকার। তা হলেই বাংলাদেশ আরো শক্তিশালী দল হয়ে উঠবে,” যোগ করেন তিনি। অধিনায়ক মুশফিক এই সফরে ভালো করার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। পাইবাসের মনেও আত্মবিশ্বাসের কোনো অভাব নেই। তবে বাংলাদেশের কোচের দৃষ্টিতে আয়ারল্যান্ড বেশ বিপজ্জনক দল। এ প্রসঙ্গে তিনি বলেন, “আয়ারল্যান্ড নিয়মিত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলে। টি-টোয়েন্টিও তারা আমাদের চেয়ে অনেক বেশি খেলার সুযোগ পায়। গত ওয়ানডে বিশ্বকাপে তারা ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে। তাদের বিপক্ষে খেলা অবশ্যই কঠিন পরীক্ষা।” “তবে আমাদেরও কিছু পরিকল্পনা আছে। আমাদের দলে বেশ কয়েকজন ভাল ক্রিকেটার আছে। বিশেষ করে আমাদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী,” যোগ করেন পাইবাস। জাতীয় দলের কোচ আরো বলেন, “বিশ্রাম শেষে ফেরা সাকিব আল হাসান মাঠে নামতে উন্মুখ। এই সফরে সম্ভবত প্রথম ম্যাচ থেকেই তামিম ইকবালকে আমরা পাচ্ছি। তার সঙ্গে মোহাম্মদ আশরাফুলের উদ্বোধনী জুটিটা সফল হতে পারে। জিম্বাবুয়েতে আশরাফুল ভালোই খেলেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৯ঘ.