২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড সিরিজ কঠিন হবে: মুশফিক

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে ‘কঠিন’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে ‘কঠিন’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিক বলেন, “আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি বেশ কঠিন হবে। বিদেশে গিয়ে আমরা কখনোই খুব একটা ভালো খেলি না।” “টি-টোয়েন্টিতে কম ওভারের খেলা বলে এখানে ছোট বা বড় দল বলে কিছু নেই। তিন ম্যাচের সিরিজটি মোটেও সহজ হবে না,” যোগ করেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার শফিউল ইসলাম ফেরায় দলের শক্তি অনেকখানি বেড়েছে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, “সাকিব আর শফিউল ফেরায় দলের শক্তি বেড়েছে। তামিমের একটু জ্বর রয়েছে, এরা ছাড়া আর সবাই ভালো আছেন। দলের সমন্বয়ও দারুণ।” টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো খেলে না, আয়ারল্যান্ডের বিপক্ষেও রয়েছে হারের স্মৃতি। সব মিলেয়ে সিরিজে প্রত্যাশা কী জানতে চাইলে মুশফিক বলেন, “জিম্বাবুয়েতে প্রথম ম্যাচের পর থেকে পরের তিনটি ম্যাচে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। আয়াল্যান্ডেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।” “সিরিজ জেতার আত্মবিশ্বাস অবশ্যই আছে। এবার মাঠে স্কিল দিয়ে তা প্রমাণ করতে হবে। জেতার লক্ষ্য তো আছেই সেই সঙ্গে অন্যতম লক্ষ্য ভালো খেলা,” যোগ করেন মুশফিক। রেটিংয়ের জন্য নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় ৮ ম্যাচ না খেলায় এখনো আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নেই বাংলাদেশ। আয়ারল্যান্ড সফরের পর র‌্যাঙ্কিংয়ে ঠাঁই পাবে বাংলাদেশ। মুশফিক বলেন, “র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানও আছে অথচ আমরা নেই। এবার র‌্যাঙ্কিংয়ে যখন স্থান পাবো তখন ভালো অবস্থানেই থাকতে চাই।” শনিবার অনুশীলনের আগে ক্রিকেটারদের সঙ্গে লম্বা এক মিটিং করেছেন প্রধান কোচ রিচার্ড পাইবাস। সভা শেষে সাংবাদিকদের মুশফিক বলেন, “তিনি নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এবার আমরা আরো সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করেছি।” “তিনি একটি বিশ্লেষণ দেখিয়েছেন। এতে কার কোথায় দুর্বলতা সে সব এসেছে, কারো হয়তো কোনো শট বাছাইয়ে সমস্যা রয়েছে মূলত এই ব্যাপারগুলো নিয়েই কথা হয়েছে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫১৯ ঘ.