ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে থেকে এখনই অবসরের কোনো পরিকল্পনা তার নেই বলে জানিয়েছেন ভারতের মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
যদিও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর দেশের হয়ে মোটে দুটি ওয়ানডে সিরিজ খেলেছেন তিনি। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলছেন না তিনি।
সিএনএন-আইবিএনকে টেন্ডুলকার বলেন, “যতদিন আমি উপভোগ করবো ততদিন এর অংশ হয়ে থাকতে চাইবো এবং খেলবো।”
সময় হলে টি-টোয়েন্টির মতো ওয়ানডে থেকে নিজেই সরে যাবেন বলে জানিয়েছেন টেন্ডুলকার। তিনি বলেন, “আমার মনে হয়েছিল ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে আমার থাকার দরকার নেই। তারপরও আমাকে থাকতে বলা হয়েছিল কিন্তু আমার মনে হয়েছিল দল ভালো করছে এবং আমার এর অংশ হওয়ার দরকার নেই। আমি থাকিনি।”
“ওয়ানডে ক্রিকেটেও এমনটা যখন মনে হবে তখন এই ফরম্যাটের ব্যাপারেও সিদ্ধান্ত নেবা,” যোগ করেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে না খেলার ব্যাপারে টেন্ডুলকার বলেন, “আমি আমার পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে চাই। এ ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছি এবং তাদের অনুরোধ জানিয়েছি। আমার সন্তানদের সঙ্গে সময় কাটানোও খুব গুরুত্বপূর্ণ।”
এশিয়া কাপের বিশ্রাম শেষে দলে ফেরা বীরেন্দর শেবাগ টেন্ডুলকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, “যখন তিনি খেলেন না তখন কেবল আমি একা নই পুরো দেশ তার অভাব অনুভব করে। তার বয়স এখন ৩৯ এবং কোন সিরিজে খেলবেন সেটা ঠিক করার অধিকার তার থাকা উচিৎ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অবশ্যই তাকে পাওয়া যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫৭ ঘ.
bdnews24